মৎস্য ও প্রাণী

ঢাকা বিভাগে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ও সমন্বিত উদ্যোগের তাগিদ

ঢাকা বিভাগের মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন, অভ্যন্তরীণ বদ্ধ ও উন্মুক্ত জলাশয়ের কার্যকর ব্যবস্থাপনা এবং মৎস্য খাতের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘ঢাকা বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন: বর্তমান প্রেক্ষিতে চ্যালেঞ্জ’ শীর্ষক এ কর্মশালায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলাশয় ভরাট এবং মানসম্মত মৎস্য খাদ্যের সংকটকে খাতটির প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং সরকারি, বেসরকারি ও একাডেমিক প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

ঢাকা বিভাগের মৎস্য দপ্তরের পরিচালক আহসান হাসিব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিভাগের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. খালেদ কনক বলেন, “দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখার ক্ষেত্রে মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যা, নগরায়ণ ও শিল্পায়নের ফলে ঢাকা বিভাগে মৎস্য চাষের উপযোগী জলাশয় ও জমির পরিমাণ কমে যাচ্ছে। এই বাস্তবতায় উৎপাদন অব্যাহত রাখতে নিবিড় (Intensive) ও আধা-নিবিড় (Semi-intensive) মৎস্য চাষ পদ্ধতির সম্প্রসারণ প্রয়োজন।” তিনি ইলিশসহ দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে অভয়াশ্রম ব্যবস্থাপনা আরও জোরদার করার পাশাপাশি মৎস্য অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাহেদ আলী এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন।

মো. সাহেদ আলী তাঁর বক্তব্যে মাছের জাত উন্নয়ন, রোগবালাই ব্যবস্থাপনা এবং গবেষণালব্ধ প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অংশগ্রহণকারী কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন মৎস্য খাতের বাণিজ্যিক সম্ভাবনা ও বিপণন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “শুধু উৎপাদন বৃদ্ধি করলেই হবে না; খামারিরা যেন ন্যায্যমূল্য পান, সে জন্য কৃষি-উদ্যোক্তা (Agro-Enterprise) ভিত্তিক মডেল গড়ে তুলতে হবে। একই সঙ্গে মৎস্য খাতের সরবরাহ শৃঙ্খলকে আধুনিক ও দক্ষ করে তোলার বিকল্প নেই।”

সভাপতির বক্তব্যে আহসান হাসিব খান কর্মশালায় উত্থাপিত বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সুপারিশের সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি ঢাকা বিভাগের মৎস্য সম্পদের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কর্মশালায় ঢাকা বিভাগের বিভিন্ন জেলার জেলা মৎস্য কর্মকর্তা (DFO), সিনিয়র সহকারী পরিচালক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনায় মাঠপর্যায়ের কর্মকর্তারা মৎস্য চাষের বাস্তব সমস্যা, পোনা মাছের গুণগত মান নিয়ন্ত্রণ এবং মানসম্মত মৎস্য খাদ্য প্রাপ্তির বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।

কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তা ও বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন যে, সরকারি ও বেসরকারি খাতের পাশাপাশি একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমেই ঢাকা বিভাগের মৎস্য খাতকে আরও টেকসই, আধুনিক ও লাভজনক খাতে পরিণত করা সম্ভব।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

মৎস্য ও প্রাণী

সুনামগঞ্জের হাওরে কমছে মাছের উৎপাদন ভরসা এখন হাঁসের খামারে

|| সুনামগঞ্জ থেকে শাহেদ || বর্ষাকালে সুনামগঞ্জের হাওরের জেলেদের প্রধান আয়ের উৎস ছিল মাছ ধরা। কিন্তু হাওরে মাছ কমে যাওয়ায়
মৎস্য ও প্রাণী

গাভীর ড্রাই পিরিয়ড বা শুষ্ককাল সম্পর্কে জেনে নিন

ড্রাই পিরিয়ড কী? একটি গাভীর প্রজনন চক্রের যে সময়টিতে দুধ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সে সময়টিকে গরুর ড্রাই পিরিওড