চলমান কৃষি

পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

দেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক সংরক্ষণব্যবস্থার সম্প্রসারণের ফলে আমদানির প্রয়োজন নেই বলে দাবি করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। সংস্থাটির হিসাবে, দেশে বছরে ৩৬ লাখ টন পেঁয়াজের চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে ৫০ লাখ ৯০ হাজার টনের বেশি। চাহিদার তুলনায় উৎপাদন প্রায় ৪১ শতাংশ বেশি। ডিএই বলছে, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষক পর্যায়ে আধুনিক সংরক্ষণ প্রযুক্তি ছড়িয়ে দেওয়ায় মৌসুমের বাইরে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। বিশেষ করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সংরক্ষিত পেঁয়াজ বাজারে আসায় আমদানির ওপর নির্ভরতা কমেছে।

সাধারণত পেঁয়াজ সংরক্ষণের প্রচলিত পদ্ধতিতে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ফসল নষ্ট হয়। বৈরী আবহাওয়া কিংবা অতিরিক্ত পচনের কারণে কোনো কোনো ক্ষেত্রে এই ক্ষতির পরিমাণ ৫০ শতাংশ ছাড়িয়ে যায়। ফলে উৎপাদন মৌসুম শেষে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বাড়ে এবং আমদানির প্রয়োজন দেখা দেয়। ডিএইর দাবি, আধুনিক সংরক্ষণব্যবস্থা চালুর ফলে এ পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। সংরক্ষণজনিত অপচয় কমিয়ে অফ-সিজনেও বাজারে পেঁয়াজের সরবরাহ বজায় রাখা যাচ্ছে।

ডিএইর তথ্য অনুযায়ী, গত ১১ মাস ধরে দেশে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে আনুমানিক ৩৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৭৬৪ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার টন পেঁয়াজ উৎপাদনের বিপরীতে আমদানি হয়েছিল ৪ লাখ ৭৩ হাজার টন। ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন ছিল ৩৯ লাখ টন, আর আমদানির পরিমাণ ছিল প্রায় ৬ লাখ টন।

ডিএইর মহাপরিচালক এম আব্দুর রহিম বলেন, “আমাদের এখন আর পেঁয়াজ আমদানির প্রয়োজন নেই। আমরা ইতোমধ্যে সর্বোচ্চ ৪ থেকে ৫ লাখ টন ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক সংরক্ষণ সুবিধা গড়ে তুলেছি। এটি অফ-সিজনে বার্ষিক সরবরাহ সংকট মেটাতে যথেষ্ট। ফলে সারা বছর পেঁয়াজের কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই।”

তিনি জানান, কৃষক পর্যায়ে এ পর্যন্ত ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আরও ৪ হাজার মেশিন বিতরণের পরিকল্পনা রয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ু চলাচল নিশ্চিত করে দীর্ঘ সময় পেঁয়াজ সংরক্ষণ করা যায়।

পেঁয়াজ চাষে কৃষকদের আগ্রহ বাড়ার পেছনে লাভের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন ডিএইর কর্মকর্তারা। তাঁদের দেওয়া হিসাব অনুযায়ী, প্রতি বিঘা জমিতে প্রায় ৫০ হাজার টাকা খরচ করে ১০০ মণ পর্যন্ত পেঁয়াজ উৎপাদন করা সম্ভব হচ্ছে। এসব পেঁয়াজ বিক্রি করে কৃষক প্রায় এক লাখ টাকা আয় করতে পারছেন।

ফরিদপুরের মধুখালী উপজেলার নদীয়া গ্রামের কৃষক মো. নাসির মিয়া জানান, এয়ার-ফ্লো মেশিনের সাহায্যে গত ছয় মাসে তিনি ১৪৫ মণ পেঁয়াজ সংরক্ষণ করেছেন। তাঁর ভাষ্য, প্রচলিত পদ্ধতিতে প্রতি মণে প্রায় ১০ কেজি ওজন কমে গেলেও নতুন পদ্ধতিতে তা কমে ২ থেকে আড়াই কেজিতে নেমে এসেছে।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফকিরপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ আমিন বলেন, আধুনিক সংরক্ষণব্যবস্থার কারণে কৃষকরা মৌসুমের বাইরে পেঁয়াজ বিক্রি করে বেশি দাম পাচ্ছেন। তাঁর মতে, এপ্রিল মাসে পেঁয়াজ ওঠার পর প্রতি মণ ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হলেও সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তা ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা পর্যন্ত ওঠে।

অন্যদিকে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদী গ্রামের কৃষক জাহাঙ্গীর মিয়া মনে করেন, কৃষকদের স্বার্থে এখন পেঁয়াজ রপ্তানির বিষয়েও সরকারের নজর দেওয়া উচিত। তিনি বলেন, বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে প্রায় ৪০ টাকা খরচ হচ্ছে। উৎপাদন বেশি হলেও ন্যায্যমূল্য নিশ্চিত না হলে কৃষকরা প্রত্যাশিত লাভ পাবেন না। ডিএইর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি দেওয়া বন্ধ রয়েছে। সংস্থাটির দাবি, এরপর থেকে দেশে নতুন করে পেঁয়াজ আমদানি হয়নি। তবে ২০২৫-২৬ অর্থবছরের আগস্ট থেকে ডিসেম্বর সময়ে ৮৬ হাজার ৩৬৮ টন পেঁয়াজ আমদানির তথ্যও উল্লেখ করেছে অধিদপ্তর।

চলতি বছর তিন লাখ হেক্টরের বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন দাঁড়িয়েছে ৫০ লাখ ৯০ হাজার টনের বেশি, যা আগের বছরের তুলনায় ৭ থেকে ১০ লাখ টন বেশি বলে জানানো হয়েছে। ফসল সংগ্রহের প্রায় দুই সপ্তাহ আগে মার্চের শেষ দিকে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় এ বছর প্রতি বিঘায় উৎপাদন ৭০ মণ থেকে বেড়ে ১০০ মণ পর্যন্ত হয়েছে বলে ডিএইর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের সহায়তা দিতে ‘বাংলাদেশের পেঁয়াজ উৎপাদনশীল এলাকায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণ অভিযোজন’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্প পরিচালক ড. মাহফুজুর রহমান বলেন, পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং কৃষক পর্যায়ে সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণ আমদানি বন্ধ রাখতে ভূমিকা রেখেছে।

প্রকল্পের আওতায় আধুনিক সংরক্ষণব্যবস্থা স্থাপনের জন্য প্রত্যেক কৃষকের ব্যাংক হিসাবে ২৭ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এর মধ্যে এয়ার-ফ্লো মেশিন কেনার জন্য ১৯ হাজার, মাচা বা প্ল্যাটফর্ম তৈরির জন্য ৭ হাজার এবং বাড়িতে সাইনবোর্ড স্থাপনের জন্য ১ হাজার টাকা বরাদ্দ ছিল।

ডিএইর তথ্য অনুযায়ী, বিতরণ করা মেশিনগুলোর প্রতিটির সংরক্ষণক্ষমতা প্রায় ১০ টন। এসব মেশিনের মাধ্যমে কৃষকরা ইতোমধ্যে মোট প্রায় ৩ লাখ টন পেঁয়াজ সংরক্ষণ করেছেন। প্রকল্পটি পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রাজশাহী, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নাটোর, নওগাঁ, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রংপুর ও বগুড়াসহ ১৬ জেলার ১০৭টি উপজেলায় বাস্তবায়িত হয়েছে। এ ছাড়া প্রকল্পের আওতায় ৩ হাজার ৯০০ কৃষককে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রকল্প পরিচালক জানান, দেশের ১৭টি পেঁয়াজ উৎপাদনকারী জেলায় মোট প্রায় ২ লাখ পেঁয়াজচাষি রয়েছেন। সরকারি ও বেসরকারি উদ্যোগে তাঁদের মধ্যে ৫০ হাজার কৃষকের কাছে এ প্রযুক্তি পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে গ্রীষ্মকালীন বা মুড়িকাটা পেঁয়াজের উৎপাদন বাড়াতেও উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৪০টি জেলার ১১০টি উপজেলা এবং ২৫টি হর্টিকালচার সেন্টারে ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর দ্বিতীয় পর্যায়ের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে ১৩৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প নেওয়া হয়, যা ২০২৭ সালের জুন পর্যন্ত চলবে। প্রকল্প পরিচালক মাসুদুর রহমান জানান, এ প্রকল্পের আওতায় প্রদর্শনী প্লট ও দেশের ২৫টি হর্টিকালচার সেন্টারের মাধ্যমে কৃষক পর্যায়ে মানসম্মত গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদন করা হবে। পাশাপাশি খরিপ মৌসুমে চাষের উপযোগী স্বল্পমেয়াদি জাত, বিশেষ করে বারি পেঁয়াজ-৫ সম্প্রসারণের উদ্যোগ রয়েছে। প্রকল্পের মাধ্যমে মোট ৩ হাজার ৩৭৫টি গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রদর্শনী স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

চলমান কৃষি

ইরির তত্ত্বাবধানে খাগড়াছড়িতে উচ্চ ফলনশীল ধানের বাম্পার ফলন

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার পাকিজাছড়ি গ্রামে এবং সদর উপজেলার ভূয়াছড়ির নতুন বাজার গ্রামে আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ইরি) তত্ত্বাবধানে কম সময়ে
চলমান কৃষি

সিলেটের বিশ্বনাথে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প’র আওতায় ৩ দিনব্যাপী (৮-১০ মে) কৃষি