শাহ পারভেজ
সুরমা, পিয়াইন আর ৬৩ টি হাওড়-বিল বেষ্টিত সুনামগঞ্জের ছাতক উপজেলা এক সময় কেবল ধান নির্ভর ছিল। জমির উর্বরতা হ্রাস, জনসংখ্যার চাপ আর সিমেন্ট কারখানার জন্য জমির উপরিভাগের মাটি ব্যবহারে কৃষি জমি হুমকির মুখে পড়েছিল। সেই সংকট কাটিয়ে বিগত ০৭ বছরে ছাতক এখন শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, একটি কৃষি উদ্বৃত্ত উপজেলা হিসেবে পরিচিতি পেয়েছে। দক্ষ, বিকেন্দ্রীকৃত ও প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণই এই সাফল্যের মূল চাবিকাঠি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই অগ্রযাত্রার পেছনে রয়েছে সুদূরপ্রসারী পরিকল্পনা ও তার সফল বাস্তবায়ন।
ফসল উৎপাদনে রেকর্ড সাফল্য
৭ বছর আগে যেখানে ধানের গড় উৎপাদন ছিল ৩.৫ মেট্রিক টন, আধুনিক ও উচ্চফলনশীল জাতের সম্প্রসারণে তা এখন ৪.৫ থেকে ৫ মেট্রিক টনে উন্নীত হয়েছে। আবাদি জমিও বেড়েছে উল্লেখযোগ্য হারে।
২০১৯ সালে আমন আবাদ ছিল ১২,৬৪৯ হেক্টর, ২০২৬ সালে তা বেড়ে হয়েছে ১২,৯৫৫ হেক্টর। বোরো আবাদ ১৪,৮০০ হেক্টর থেকে বেড়ে ১৪,৯৯৬ হেক্টর এবং শীতকালীন সবজি ও রবিশস্য ১,৮৬০ হেক্টর থেকে বেড়ে ২,৪৩৫ হেক্টরে দাঁড়িয়েছে। সার্বিক উৎপাদন বেড়েছে প্রায় ৩০ শতাংশ।
এক ফসল থেকে বহু ফসলে উত্তরণ
কৃষি অফিসের পরামর্শে কৃষকরা এখন লাভজনক ফসলের দিকে ঝুঁকছেন।
১. তেলজাতীয় ফসল: সরিষা, সূর্যমুখী, তিল ও তিসির আবাদ বেড়েছে কয়েকগুণ। ২০১৯ সালে সরিষা আবাদ ছিল মাত্র ১২৬ হেক্টর, ২০২৬ সালে তা ৪৬০ হেক্টরে পৌঁছেছে।
২. সবজি ও মসলা: শীতকালীন সবজির পাশাপাশি উচ্চমূল্যের ক্যাপসিকাম, বিটরুট এবং বস্তায় আদা চাষে বিপ্লব ঘটেছে ছাতকে। চলতি বছরেই ১০,০০০ বস্তায় আদা চাষ হয়েছে। লক্ষণীয় হারে বেড়েছে পেঁয়াজের আবাদ, প্রথমবারের মতো চাষ হয়েছে গ্রীষ্মকালীন টমেটো।
৩. ফল চাষ: মাল্টা, ড্রাগন ও কুল চাষে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। প্রতিটি ইউনিয়নে গড়ে উঠেছে শতাধিক ফল বাগান। এর মধ্যে সিলেট বিভাগের সবচেয়ে বড় বলসুন্দরী কুলের বাগানটি এই সময়েই ছাতকে স্থাপিত হয়েছে, যা দেশব্যাপী আলোচিত।
প্রযুক্তিই মূল চালিকাশক্তি
এই অগ্রযাত্রার মূল শক্তি যান্ত্রিকীকরণ।
- ভর্তুকি মূল্যে ৩০-৪০ টি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করায় শ্রমিক সংকটের সমাধান হয়েছে এবং দ্রুততম সময়ে ধান কর্তন সম্ভব হচ্ছে।
- ট্রাক্টর বিতরণের ফলে পতিত জমি আবাদের আওতায় এসেছে।
- সাম্প্রতিক বছরে ৩০ টি রাইস ট্রান্সপ্লান্টার যুক্ত হওয়ায় যন্ত্রের মাধ্যমে চারা রোপণ বেগবান হয়েছে।
- ১৪০ টি কৃষক গ্রুপের মাধ্যমে বিনামূল্যে স্প্রেয়ার মেশিন, ভুট্টা মাড়াই যন্ত্র, সেচ যন্ত্র ও ফিতা পাইপ দেওয়া হয়েছে।
- পাওয়ার থ্রেসার, ফুট পাম্প, ড্রায়ার বিতরণের মাধ্যমে তৈরি হয়েছে তরুণ কৃষি উদ্যোক্তা।
- সেচ সংকট মোকাবেলায় সৌর সেচ প্রকল্প, বারিড পাইপ ও ড্রিপ ইরিগেশন সিস্টেম চালু হওয়ায় সেচের আওতা বেড়েছে ও বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে।
প্রশিক্ষণ ও প্রণোদনা
বিগত ৭ বছরে উপজেলা কৃষি অফিস ১০ হাজারেরও বেশি কৃষককে প্রশিক্ষণ দিয়েছে। নিয়মিত উঠান বৈঠক, মাঠ দিবস ও কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে। সকল ইউনিয়নে ৫ হাজারের বেশি কৃষককে বিনামূল্যে বীজ, সার ও প্রণোদনা দেওয়া হয়েছে।
তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা
কৃষিকে বেগবান করতে তরুণদের সম্পৃক্ত করা হয়েছে। তারা এখন শুধু ধান নয়, মানসম্মত বীজ, সবজি, ভার্মি কম্পোস্ট এবং বিদেশি ফল-সবজি উৎপাদন করে বাজারজাত করছেন। মানসম্মত বীজ উৎপাদনে তৈরি করা হয়েছে পেশাদার বীজ উৎপাদনকারী দল।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, জনবল সংকট দীর্ঘদিনের হলেও বিদ্যমান জনবল দিয়েই শতভাগ লক্ষ্য অর্জনে কাজ চলছে। প্রশিক্ষিত জনবল, টেকসই প্রযুক্তি ও উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করতে পারলে ছাতকের এই অগ্রযাত্রা আরও বহুদূর এগিয়ে যাবে।

