কিউএস প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৭’-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। একই র্যাঙ্কিংয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।
র্যাঙ্কিংয়ে গাকৃবি বিশ্বে ৯৩১তম এবং এশিয়ায় ৩২২তম স্থান অর্জন করেছে। পরিবেশগত গবেষণায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান বিশ্বে ৫৮৫তম।
আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) গত ১৭ নভেম্বর তাদের ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করে। এবারের মূল্যায়নে ১০৭টি দেশ ও অঞ্চলের ২ হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত ও সামাজিক প্রভাব এবং সুশাসনসংক্রান্ত কার্যক্রম বিবেচনা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ অর্জন গাকৃবির উপাচার্য ও আন্তর্জাতিক ‘হুজ হু’ পুরস্কারপ্রাপ্ত মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞানী অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা ও সময়োপযোগী উদ্যোগের প্রতিফলন। তাঁর নেতৃত্বে গত দুই বছরে গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও বৈশ্বিক পরিচিতির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির অগ্রগতি হয়েছে।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “এ অর্জন গাকৃবি পরিবারের সম্মিলিত নিষ্ঠা ও প্রচেষ্টার ফসল। এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ সুদৃঢ় করে গবেষণা ও উদ্ভাবনকে বাস্তবমুখী করার মাধ্যমে গাকৃবিকে বিশ্বের শীর্ষ ১০০-২০০ বিশ্ববিদ্যালয়ের কাতারে প্রতিষ্ঠিত করাই আমাদের আগামী দিনের লক্ষ্য।”

