চাষাবাদ ডটকম প্রতিবেদক:
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বহুল আলোচিত ৮ দফা যৌক্তিক দাবি নিয়ে সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আলোচনার পর প্রকাশিত রেজুলেশনকে ‘অযৌক্তিক ও অস্পষ্ট’ উল্লেখ করে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন।
গত ১৩ এপ্রিল ২০২৫, রবিবার কৃষি মন্ত্রণালয়ের সচিবের আহ্বানে অনুষ্ঠিত ওই আলোচনায় দেশের সরকারি-বেসরকারি কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের প্রতিনিধিরা অংশ নেন এবং ৮ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেন। আলোচনায় উপস্থিত সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দাবিগুলোর বিষয়ে সহানুভূতিশীল মনোভাব পোষণ করেন এবং দ্রুত একটি প্রজ্ঞাপন প্রকাশের আশ্বাস দেন।
তবে শিক্ষার্থীরা দাবি করছেন, পরবর্তীতে যে রেজুলেশন প্রকাশ করা হয় তা ছাত্র প্রতিনিধিদের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করেছে এবং ৮ দফা দাবিকে উপেক্ষা করে তৈরি করা হয়েছে। এতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে, যা আগামী কর্মসূচিতে প্রভাব ফেলবে বলেও জানানো হয়েছে।
এক বিবৃতিতে আন্দোলনকারীরা বলেন—
“আমরা আর কোন আশ্বাস, অযৌক্তিক রেজুলেশন কিংবা উপহাস চাই না। আমরা চাই, দ্রুত ৮ দফা দাবির বাস্তবায়ন। অন্যথায় সারাদেশের সরকারি-বেসরকারি কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী, সর্বস্তরের ডিপ্লোমা কৃষিবিদ ও সাধারণ জনগণকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।”
তারা আরও উল্লেখ করেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক, তাই তাঁদের কলমে যেন এই আন্দোলনের যৌক্তিকতা ফুটে ওঠে—এটাই আন্দোলনকারীদের প্রত্যাশা।
উল্লেখ্য, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উত্থাপিত ৮ দফা দাবির মধ্যে রয়েছে চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা কৃষিবিদদের স্বীকৃতি ও সুযোগ নিশ্চিত করা, চাকরির বয়সসীমা বৃদ্ধি, মন্ত্রণালয় কর্তৃক পৃথক ক্যাডার বা সার্ভিস কাঠামোর দাবি ইত্যাদি।
উল্লেখ্য, এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া হিসেবে দেশব্যাপী বিভিন্ন কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটে রাতে মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন।
এই পরিস্থিতিতে দেশের কৃষিশিক্ষা ও কৃষিপেশাজীবীদের ভবিষ্যৎ নির্ধারণে সরকার তথা কৃষি মন্ত্রণালয়ের সুস্পষ্ট ও সময়োপযোগী সিদ্ধান্ত প্রত্যাশা করছে ছাত্র সমাজ।

