ঢাকা, ২৫ জুন ২০২৬:
কৃষিবিষয়ক অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম। তাঁর সঙ্গে দেশের বিভিন্ন গণমাধ্যমের আরও আটজন সাংবাদিক এ সম্মাননায় ভূষিত হয়েছেন।
বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ)।
২০২৫ সালের ২৪ জানুয়ারি আজকের পত্রিকায় প্রকাশিত ‘লুটপাটে গায়েব ভর্তুকির টাকা’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সাইফুল মাসুম ‘সেরা রিপোর্টার’ পুরস্কার লাভ করেন। প্রতিবেদনে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে অনিয়ম, দুর্নীতি এবং ভর্তুকির অর্থ অপব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়, যা সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ বছর পুরস্কারপ্রাপ্ত অন্য সাংবাদিকরা হলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর শাহাদাত হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের শাহিদ আহমেদ সোহাগ, প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ, জাগো নিউজের ডিএম নাজমুল হুসাইন, সমকালের জাহিদুর রহমান, এটিএন নিউজের ফেরদৌস রহমান, যুগান্তরের ইয়াসিন রহমান এবং এখন টিভির সাজিদ আরাফাত।
আয়োজকরা জানান, কৃষি সাংবাদিকতায় উৎকর্ষ সাধন, অনুসন্ধানী প্রতিবেদনকে উৎসাহ প্রদান এবং কৃষি উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার স্বীকৃতি দিতেই প্রথমবারের মতো ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড’ চালু করা হয়েছে। এ লক্ষ্যে ২০২৫ সালে প্রকাশিত কৃষিবিষয়ক বিশেষ প্রতিবেদন আহ্বান করা হয়। পরে জমা পড়া অর্ধশতাধিক প্রতিবেদনের মধ্য থেকে বিচারক মণ্ডলী যাচাই-বাছাই করে সেরা নয়টি প্রতিবেদন নির্বাচন করেন।
বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুছ ছালাম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুর রহিম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মাসুম।
বক্তারা বলেন, কৃষি খাতের উন্নয়ন, গবেষণালব্ধ প্রযুক্তির বিস্তার, কৃষকের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। কৃষি সাংবাদিকদের অনুসন্ধানী ও তথ্যনির্ভর প্রতিবেদন দেশের কৃষি উন্নয়ন ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএআরএফের সাধারণ সম্পাদক কাওসার আজম।

