ডিপ্লোমা কৃষিবিদ ফোরাম, বাংলাদেশ আয়োজিত জেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শরীফ মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে ও মহাসচিব ফারুক আহমদ এর সঞ্চালনায় দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শরীফ মোঃ আব্দুল কাদের উদ্বোধনী বক্তব্য প্রধান করেন। তিনি উদ্বোধনী বক্তব্যে সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “ডিপ্লোমা কৃষিবিদ ফোরাম, বাংলাদেশ কৃষি খাতের উন্নয়নের জন্য নিবেদিত একটি সংগঠন। ডিপ্লোমা কৃষিবিদদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এই সংগঠন সবসময় সক্রিয় ভূমিকা পালন করবে। এদেশে আপামর কৃষক ও ডিপ্লোমা কৃষিবিদদের সমন্বিত প্রচেষ্টা দেশের কৃষি উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করবে।”
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ফোরামের যুগ্ম-মহাসচিব দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ইদ্রিস আলী।
প্রধান অতিথি কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদ তার ভাষণে বলেন, ‘কৃষিবিদ ও ডিপ্লোমা কৃষিবিদদের কাজের ক্ষেত্র প্রায় একই। দেশের উন্নয়নে কৃষিবিদ ও ডিপ্লোমা কৃষিবিদদের একসঙ্গে কাজ করতে হবে। বৈষম্য দূর করতে এবং দেশের কৃষি উন্নয়নকে ত্বরান্বিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ‘ডিপ্লোমা কৃষিবিদরা দেশের তৃণমূল পর্যায়ে সামাজিক মর্যাদার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তবে তাদেরকে নানা বৈষম্যের সম্মুখীন হতে হয়। এ সমস্যাগুলোর নিরসনে এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ সবসময় পাশে থাকবে।’
সারাদেশ থেকে আগত ডিপ্লোমা কৃষিবিদদের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজিত এই সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ এবং কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচনার ভিত্তিতে ভবিষ্যতের জন্য বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় অংশগ্রহণকারীরা ডিপ্লোমা কৃষিবিদদের পেশাগত উন্নয়ন ও সমাধানের বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন।
সভায় ডিপ্লোমা কৃষিবিদ ফোরাম, বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা প্রতিনিধিগণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ডিপ্লোমা কৃষিবিদদের দক্ষতা ও সামাজিক অবদানকে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে দেশের কৃষি খাতকে সমৃদ্ধ করার আহ্বান জানান। পাশাপাশি পেশাগত সমতা এবং বৈষম্য দূরীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

