অভাবের সংসার থেকে শুরু করে সফল খামারি হয়ে ওঠার এক অনন্য উদাহরণ তৈরি করেছেন চট্টগ্রামের লোহাগাড়ার গৃহবধূ শাহীন আক্তার। মাত্র ৪০ হাজার টাকা ঋণ নিয়ে দুটি বাছুর দিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। এখন তাঁর খামারে রয়েছে ১৪টি উন্নত জাতের শাহিওয়াল গরু। গরু পালন করেই তিনি সংসারের দারিদ্র্য দূর করেছেন, পরিশোধ করেছেন সব ঋণ এবং নির্মাণ করেছেন পাকা বাড়ি।
লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের আকবরপাড়া গ্রামের শাহীন আক্তারের জীবনের শুরুটা ছিল কঠিন সংগ্রামের। স্বামী আবু সুফিয়ান ছিলেন বর্গাচাষি। সংসারে অভাব-অনটন ছিল নিত্যদিনের সঙ্গী। তিন মেয়েকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হতো পরিবারটিকে। ভাগ্য পরিবর্তনের আশায় স্বামীকে বিদেশে পাঠালেও সেখানেও সফলতা মেলেনি। কয়েক বছর পর তিনি দেশে ফিরে আসেন ঋণের বোঝা নিয়ে। সংসারের সেই কঠিন সময়েই নতুন সিদ্ধান্ত নেন শাহীন। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পরামর্শে ২০১০ সালে একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে দুটি বাছুর কেনেন। ছোট পরিসরে শুরু হওয়া সেই উদ্যোগই ধীরে ধীরে রূপ নেয় একটি সফল খামারে।
বর্তমানে তাঁর খামারে ১৪টি শাহিওয়াল জাতের গরু রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে গরু বিক্রি করে ভালো আয় করেন তিনি। সম্প্রতি দুটি গরু বিক্রি করেছেন আড়াই লাখ টাকায়। গরুর খামারের পাশাপাশি হাঁস, মুরগি, কবুতর ও ছাগল পালনও করছেন শাহীন। গরুর খাদ্যের জন্য বর্গা জমিতে ভুট্টা ও নেপিয়ার ঘাস চাষ করেছেন। খামারের সব কাজ তিনি নিজেই করেন। স্বামীও সহযোগিতা করেন নিয়মিত।
গরু পালন করে অর্জিত আয়ে বদলে গেছে পুরো পরিবারের জীবন। কুঁড়েঘরের জায়গায় এখন একতলা পাকা বাড়ি। সন্তানদের লেখাপড়াও চালিয়ে যাচ্ছেন সাফল্যের সঙ্গে। বড় মেয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, আরেক মেয়ে নার্স হিসেবে চাকরি করছেন, অন্য মেয়ে পলিটেকনিকে অধ্যয়নরত এবং ছোট ছেলে স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা করছে।
শাহীন আক্তার বলেন, পরিশ্রম আর ধৈর্য থাকলে যে কোনো মানুষ সফল হতে পারে। নিজের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেক নারী এখন গরু পালন শুরু করেছেন বলেও জানান তিনি।
স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, শাহীন আক্তার এই অঞ্চলের নারীদের জন্য একটি অনুপ্রেরণার নাম। সঠিক পরিকল্পনা ও প্রশিক্ষণ পেলে গ্রামীণ নারীরাও খামার করে স্বাবলম্বী হতে পারেন, তার বাস্তব উদাহরণ তিনি।

