মুক্তমত

প্রসঙ্গ : ডিকেআইবি নির্বাচন ২০২৪ – এ. কে. আজাদ ফাহিম

ডিকেআইবি’র আসন্ন নির্বাচনের প্রায় সকল আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন ভোটের দিনটার জন্যই শুধু অপেক্ষা। বেশিরভাগ নেতা ইতোমধ্যে বেসরকারিভাবে নির্বাচিতও হয়ে গেছেন।

সাধারণ ডিপ্লোমা কৃষিবিদদের জন্য অনেক তাৎপর‌্যপূর্ণ ছিলো এই নির্বাচন। দেশে নির্বাচনের সংস্কৃতি যেভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। দেশে কৃষি পেশাজীবীদের সর্ববৃহৎ সংগঠন ‘ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ’ এর নির্বাচনও তেমনি অনিশ্চিত হয়ে পড়েছিল। ২০১৮ সালের পরে সরকারি চাকুরীতে যোগদান করা ডিপ্লোমা কৃষিবিদ কর্মকর্তারা ডিকেআইবি সম্পর্কে ছিলেন সম্পূর্ণ অজ্ঞাত! ডিকেআইবি’র কার্যত কোনো সাংগঠনিক অস্তিত্বই ছিলো না । আমাদের প্রাণের সংগঠন ডিকেআইবি’কে যেভাবে বিভিন্ন দলে, উপদলে বিভক্ত করা হয়েছিল। সে দূর্বল অবস্থা থেকে সংগঠনকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব ছিলো।

২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৬ অগাস্ট মধ্য রাত পর্যন্ত সহস্র প্রাণের বিনিময়ে ‘ছাত্রজনতার অভ্যুত্থান’ এর মধ্য দিয়ে দেশে এক অভূতপূর্ব বিপ্লব সংগঠিত হয়। এর মাধ্যমে দেশের সব সেক্টরের সকল আশাহত গোষ্ঠীর ন্যায় ডিপ্লোমা কৃষিবিদগণও আশার আলো খুঁজে পান। আমরা ১৭ আগস্টে খামারবাড়ি চত্বরে ডিকেআইবি রক্ষা আন্দোলন এর ব্যানারে সকল সাধারণ ডিপ্লোমা কৃষিবিদ ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম বলে ডিকেআইবি’র ইতিহাসে ‘কাশেম’ পর্বের ইতি টানা সম্ভব হয়েছে। সাথে সাথে সংগঠনের বিভক্তির খলনায়কেরাও গা ঢাকা দিয়েছেন। তারা যেসব বীর পলাতকদের ল্যাসপেন্সার হিসেবে এতদিন সক্রিয় ছিলেন তাদের পথ অনুসরণ করে বর্তমানে কেউ বোল পাল্টিয়েছেন আবার কেউ খোলস বদলের প্রাণান্তকর চেষ্টা অব্যাহত রেখে চলেছেন। 

ডিপ্লোমা কৃষিবিদ জাতির চরম ক্রান্তিকালে পূর্বের বিভিন্ন সময়ের মতো এবারও জাতির আশা আকাঙ্খার প্রতীক হিসেবে ডিকেআইবির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেন জিয়াউল হায়দার পলাশ। ১১ সদস্যের একঝাঁক দক্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে ৩ মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটি দুর্দান্ত গতিতে কাজ শুরু করে। সাংবিধানিক অর্পিত দায়িত্ব শেষ করবার প্রচেষ্টায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তারা। ডিকেআইবি নির্বাচন-২০২৪ মূলত তারই প্রতিফলন। জাতীয় কমিটিও তাদের পূর্ণ সহযোগিতা অব্যাহত রেখেছে।

কেন্দ্র, অঞ্চল, জেলাসহ বিভিন্ন পর্যায়ে ডিপ্লোমা কৃষিবিদদের স্বপ্নদ্রষ্টা জিয়াউল হায়দার পলাশ ভাইয়ের নেতৃত্বে ডি-এ্যাব মনোনীতরা একমাত্র প্যানেল ভিত্তিক নির্বাচন করছেন। অন্য কোন সংগঠনই সাংগঠনিকভাবে প্যানেল ঘোষণা করে নির্বাচন করছেন না। বাকী যারা প্রতিদ্বন্দিতা করছেন তারা মূলত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়ছেন।

জিয়াউল হায়দার পলাশ ডিপ্লোমা কৃষিবিদ জাতির কাছে একজন আস্থাভাজন ও সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি কোন বর্ণচোরা রাজনীতিবিদ নন। তিনি দীর্ঘ চাকুরীজীবনে ও পেশাজীবি নেতা হিসেবে একই আদর্শবাহী হিসেবে, অবদান রেখে গেছেন জাতীয় রাজনীতিতেও। সে সুবাধে অতীতে ডিপ্লোমা কৃষিবিদদের বিভিন্ন ন্যায্য অধিকার আদায়ে ছিলো তাঁর বলিষ্ঠ নেতৃত্ব।

সদ্য বিগত সরকারের আদর্শবাহী ডিপ্লোমা কৃষিবিদদের কোন যোগ্য নেতৃত্ব না থাকায় সরকারের কাছে ডিপ্লোমা কৃষিবিদরা কখনোই পৌঁছাতেই পারেননি। এতে ডিপ্লোমা কৃষিবিদরা বারংবার বঞ্চিত হয়েছেন। চাকুরীজীবনে প্রতিনিয়ত হয়েছেন চরম বৈষম্যের স্বীকার। এধারা এখনও বিদ্যমান রয়েছে।

এমন পরিস্থিতিতে এই নির্বাচনকে অনেকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবার অনেকে ব্যক্তি স্বার্থে জিয়াউল হায়দার পলাশ ও সৈয়দ জাহীদ হোসেনের ইমেজকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত রয়েছেন। পটপরিবর্তনের সাথে সাথে জিয়াউল হায়দার পলাশ ভাইয়ের আশেপাশে সারাদেশে সুবিধাভোগীদের আনাগোনায় অনেকক্ষেত্রে প্রকৃত সহযোদ্ধারাও বঞ্চিত হয়েছেন।

একটা বলিষ্ঠ সমর্থন ও শক্ত সাংগঠনিক টিমকে সাথে নিয়ে পলাশ ভাইয়ের নেতৃত্বে আরও দারুন কিছু করা সম্ভবপর ছিলো। টিমের সদস্যরা নিজেদের পদপদবী পাওয়ার প্রচেষ্টায় যতটা ব্যতিব্যস্ত ছিলেন, কাজের ক্ষেত্রেও যদি সমান গুরুত্ব দিতেন, সমান মনোনিবেশ ও গবেষণা করতেন। তাহলে হয়তো সুন্দর একটা নির্বাচনী ইশতেহার ও ডিপ্লোমা কৃষিবিদদের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে স্পষ্ট কোন পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা সম্ভব হতো। এর দায় আমার নিজেরও আছে। তেমনি সকল নবীন ডিপ্লোমা কৃষিবিদরা এর দায় এড়াতে পারবেন না।

এপর্যায়ে ডিপ্লোমা কৃষিবিদদের প্রাণের সংগঠন ডিকেআইবি’র ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমার ব্যক্তিগত কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা এখানে পেশ করছি। আগামীর নেতৃবৃন্দ যদি প্রাসঙ্গিক মনে করেন প্রস্তাবনাগুলো বিবেচনা করবেন বলে আশাবাদী।

সংগঠনের কিছু গুরুত্বপূর্ণ উপকমিটি গঠন করতে হবে যেগুলো সুনির্দিষ্ট বিষয়ে আলাদা আলাদা কাজ করবে। যেমন –

১. রিসার্চ উইং : যারা বিভিন্ন কৃষি উন্নয়ন ও পেশাগত উন্নয়নে থিংক ট্যাংক হিসেবে কাজ করবে। নিয়মিত সেমিনার, সিম্পোজিয়াম, ওয়েবিনার পরিচালনার মাধ্যমে ডিপ্লোমা কৃষিবিদদের বিভিন্ন মতামত ও অবস্থানকে সমাজের মূলধারায় সুদৃঢ়ভাবে তুলে ধরবেন। কৃষি সংশ্লিষ্ট সরকারের আহ্বানকৃত সকল পরিকল্পনা ও প্রস্তাবনায় ডিপ্লোমা কৃষিবিদদের পক্ষ থেকেও স্বতন্ত্র শ্বেতপত্র উপস্থাপন করতে কাজ করবে এই টিম।

২. মিডিয়া উইং : সংগঠনের সকল কার্যক্রমকে জাতীয় পর্যায়ে মিডিয়া কাভারেজসহ পাবলিক রিলেশনশিপ ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। ডিপ্লোমা কৃষিবিদদের কর্মকাণ্ডকে জনপ্রিয় করে তুলতে কাজ করবে মিডিয়া উইং। বিভিন্ন নাটিকা, রচনা, পডকাস্ট, ভিডিও নির্মাণর মাধ্যমে ডিপ্লোমা কৃষিবিদদের কার্যক্রমকে জনসম্মুখে ফুটিয়ে তুলবে।

৩. প্রশিক্ষণ উইং : সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যদেরকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে কাজ করবে এ উইং। বিভিন্ন পর্যায়ে স্কুলিং এর মাধ্যমে প্রয়োজনে বিষয়ভিত্তিক বহিরাগত রিসোর্স পার্সন দিয়ে চাকুরী সংক্রান্ত দক্ষতা উন্নয়ন ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে কোর্স প্রোভাইড করার মাধ্যমে মানব সম্পদ উন্নয়নে কাজ করবে এই টিম।

৪. সংগঠনের মুখপত্র থাকবে : আমি ২০১৫ সালে চাকুরীতে যোগদানের কিছুদিন আগে কেন্দ্রীয় কার্যালয়ে তৎকালীন কেন্দ্রীয় সভাপতি-মহাসচিবের সাথে দেখা করে সাংগঠনিক মুখপত্র হিসেবে একটি পত্রিকা বের করার প্রস্তাব রাখি। কিন্তু তা আজ পর্যন্ত আমলে নেওয়া হয়নি। প্রায় পনেরো হাজার ডিপ্লোমা কৃষিবিদের এতো বড় সংগঠনের একটা মুখপত্র নেই! যা অত্যন্ত দুঃখজনক। একটি সাংগঠনিক মুখপত্র পাক্ষিক বা মাসিক প্রিন্টেড পত্রিকা হিসেবে বের করার প্রস্তাব করছি।

৫. সংগঠনের চারচাকার গাড়ী থাকবে : সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচিত হয়ে কাজ করেন সাধারণ ডিপ্লোমা কৃষিবিদদের জন্য। তাঁরা সাংগঠনিক কাজে বিভিন্ন দপ্তরে যখন মুভ করবেন বা সাংগঠনিক সফরে যখন সংগঠনের নিজস্ব গাড়ীতে ভ্রমণ করবেন তখন সংগঠন ও নেতৃবৃন্দের মর্যাদা বৃদ্ধি পাবে।

৬. ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সার্ভিস ফান্ড গঠন : দেশের কৃষি উন্নয়নের অতন্দ্র প্রহরী ডিপ্লোমা কৃষিবিদদের অনেকেই বিভিন্ন সময়ে অর্থনৈতিক দৈন্যতায় ভোগেন। কখনও কখনও নিজে বা পরিবারের সদস্যদের সুচিকিৎসার খরচ জোগাড় করতে ব্যর্থ হন। সেক্ষেত্রে সার্ভিস ফান্ড থেকে বিবেচনাপূর্বক হ্যাণ্ডসাম অনুদান প্রদানের ব্যবস্থা করতে হবে।

৭. শিক্ষাবৃত্তি প্রদান : ডিপ্লোমা কৃষিবিদদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়া ডিপ্লোমা কৃষিবিদদের সন্তানদের কৃতিত্বের জন্য সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করতে হবে।

পুরোলেখাটা কষ্ট করে পড়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার সুনির্দিষ্ট কোন প্রস্তাবনা থাকলে কমেন্টে জানান।

সর্বোপরি, আসন্ন ডিকেআইবি নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে বিভিন্ন পর্যায়ে ডি-এ্যাব মনোনীত প্যানেলে আপনাদের সুচিন্তিত সমর্থন ও মূল্যবান ভোট দিয়ে ডিপ্লোমা কৃষিবিদদের স্বপ্নদ্রষ্টা ও ঐক্যের প্রতীক জিয়াউল হায়দার পলাশ ভাইয়ের হাতকে শক্তিশালী করুন।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

মুক্তমত

কৃষিতে নারীর অবদানের প্রকৃত স্বীকৃতি নেই

|| এ. কে. আজাদ ফাহিম || আবহমান কাল থেকে আমাদের এই দেশ কৃষি প্রধান দেশ হিসেবে পরিচিত। কৃষি একটি মহান
মুক্তমত

কৃষি ডিপ্লোমাধারীরা কেন উচ্চশিক্ষা বঞ্চিত হবেন?

বাংলাদেশে ১৮টি সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। আর বেসরকারি পর্যায়ে রয়েছে ১৬২টি। সরকারি-বেসরকারি মিলিয়ে ছয় হাজারের বেশি পাস করে বের