ঢাকা, ৮ এপ্রিল:
ডিপ্লোমা কৃষিবিদদের উচ্চশিক্ষা ও পেশাগত মর্যাদা নিশ্চিতসহ আট দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), শেরেবাংলা নগর, ঢাকার শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নেন। ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’-এর ব্যানারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের ৮ দফা দাবি নিম্নরূপ:
১. ডিপ্লোমা কৃষিবিদদের জন্য পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত।
২. উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে গেজেটভুক্ত করে প্রজ্ঞাপন জারি।
৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ।
৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীন থেকে কৃষি মন্ত্রণালয়ের অধীন স্বতন্ত্র প্রতিষ্ঠানে রূপান্তর।
৫. কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদে কেবল ডিপ্লোমা কৃষিবিদদের নিয়োগ।
৬. বেসরকারি চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য ন্যূনতম দশম গ্রেডে বেতন নির্ধারণ।
৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য মাঠ সংযুক্তি ভাতা চালু।
৮. উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য চাকরিতে যোগদানের পর ছয় মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা।
আন্দোলনের বিস্তার
ঢাকা এটিআই ছাড়াও দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটেও এই ৮ দফা দাবিতে আন্দোলন চলমান রয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং তারা ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্তে অনড় থাকবেন।

