উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি, আন্তর্জাতিকীকরণ এবং যুগোপযোগী মানবসম্পদ গড়ে তোলাকে বর্তমান সময়ের প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। তিনি বলেন, উচ্চশিক্ষার মান নির্ধারণ কেবল অবকাঠামোগত সুযোগ-সুবিধার ওপর নির্ভর করে না। শিক্ষাদানের মান, মানসম্মত গবেষণা, লার্নিং আউটকাম এবং ধারাবাহিক প্রাতিষ্ঠানিক উন্নয়নও এর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
সোমবার (২১ সেপ্টেম্বর) অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) ও এডাস্টের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অ্যাক্রেডিটেশন, কিউএ ও বিএনকিউএফ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন। তিনি দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা তুলে ধরে বলেন, উচ্চশিক্ষায় কোয়ালিটি অ্যাসিওরেন্স (কিউএ) নিশ্চিতকরণ এবং ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (এনকিউএফ) কার্যকর বাস্তবায়নে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, মানসম্মত শিক্ষা প্রদান কোনো সাময়িক বিষয় নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। অ্যাক্রেডিটেশন অর্জনের নির্ধারিত মানদণ্ড পূরণে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং মানসম্মত প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তোলা জরুরি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এডাস্টের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাকার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক উন্নয়নের সুযোগ হিসেবে গ্রহণের আহ্বান জানান। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন এডাস্ট আইকিউএসি’র পরিচালক ও এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোবোটিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মাজিদ ইশতিয়াক আহমেদ।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. শাহ্ আমরান। তিনি বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ), মানদণ্ড মূল্যায়ন এবং তা বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে বিএসি’র পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ ধন্যবাদ জ্ঞাপন করেন।
দিনব্যাপী কর্মশালায় মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন। এ সময় এডাস্ট আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. জাবের আহমদ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, কর্মশালার মাধ্যমে এডাস্টের শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে অ্যাক্রেডিটেশন, কোয়ালিটি অ্যাসিওরেন্স এবং উচ্চশিক্ষার জাতীয় মানদণ্ড সম্পর্কে সচেতনতা ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

