দেশদেশান্তর

এডাস্টে কৃষিতে জিআইএস ও রিমোট সেন্সিংয়ের ব্যবহার নিয়ে কর্মশালা

ঢাকা, ১৫ আগস্ট ২০২৬: কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সম্ভাবনা ও প্রয়োগিক দিক তুলে ধরতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) এগ্রিবিজনেস বিভাগ এবং সেন্টার ফর জিওস্পেশিয়াল ইন্টেলিজেন্স, প্লানেটরি সায়েন্স অ্যান্ড স্পেস সিস্টেম (CGIPSS)-এর যৌথ উদ্যোগে ‘Application of GIS and Remote Sensing in Agriculture’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় কৃষি ব্যবস্থাপনায় জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS) ও রিমোট সেন্সিং প্রযুক্তির ব্যবহার, সম্ভাবনা এবং কৃষি খাতে এর প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন। তিনি প্রথাগত কৃষিকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক কৃষিতে রূপান্তরের ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালার গুরুত্ব তুলে ধরেন। কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কর্মশালায় কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং বিভাগের অধ্যাপক ড. এম. শফিক-উর রহমান। তিনি কৃষি ব্যবস্থাপনা, শস্য পর্যবেক্ষণ, ভূমি ব্যবহার বিশ্লেষণ ও আবহাওয়া পূর্বাভাসে GIS ও রিমোট সেন্সিং প্রযুক্তির কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাস্টের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সভাপতির বক্তব্যে তিনি কৃষি খাতের উন্নয়ন ও আধুনিকায়নে প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এগ্রিবিজনেস বিভাগের শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতায় নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানান।

এ সময় এগ্রিবিজনেস বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান, CGIPSS-এর পরিচালক অধ্যাপক ড. এম. রেজাউল হক খান, বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কীনোট সেশন শেষে অংশগ্রহণকারীদের নিয়ে প্রাণবন্ত প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে কৃষিতে GIS ও রিমোট সেন্সিং প্রযুক্তির বাস্তব প্রয়োগ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ ব্যবহার নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত উঠে আসে।

এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেনের সমাপনী বক্তব্য ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মশালার সমাপ্তি ঘটে। কৃষি শিক্ষায় প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ কৃষি ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

দেশদেশান্তর

অ্যাডাস্ট প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা ১১ সেপ্টেম্বর ২০২৩ রোজ:সোমবার
দেশদেশান্তর

সিলেটে বিশ্ব নদী দিবস উদযাপন

নদ-নদী রক্ষায় ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর