অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এডাস্ট ফুটসাল প্রিমিয়ার লীগ সিজন-২ এ রোমাঞ্চকর ফাইনালে “দ্যা আরকানস” দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে “দ্যা আরকানস” ৩-২ গোলে পরাজিত করে “টীম গ্যালাক্সি-০৬”-কে।
ম্যাচের শুরুতে গ্যালাক্সি এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আরকানস। টানা দুটি গোল করে তারা ২-১ ব্যবধানে ম্যাচে প্রাধান্য প্রতিষ্ঠা করে। গ্যালাক্সি এক গোল শোধ দিলেও শেষ মুহূর্তে আরকানসের তৃতীয় গোল প্রতিপক্ষের জয়ের স্বপ্ন ভেঙে দেয়।
ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম বিজয়ী দলকে ট্রফি ও সম্মাননা প্রদান করেন। তিনি বলেন, “এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলকে শুভেচ্ছা জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান লিটু। তিনি বলেন, “এডাস্ট খেলাধুলা, সংস্কৃতি চর্চা এবং মানবিক গুণাবলীসম্পন্ন গ্রাজুয়েট তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।” খেলাধুলার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি আয়োজক কমিটির সদস্যদের বিশেষভাবে ধন্যবাদ জানান।
এবারের টুর্নামেন্টে সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন আরাফাত, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নিহাদ (ফাইনালে হ্যাটট্রিক), এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন শুভ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, আইকিউএসি’র পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের বিপুল উৎসাহ ও অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

