অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. এম এ সালাম-এর তত্ত্বাবধানে সফলভাবে ডক্টর অব ফিলোসফি (PhD) ডিগ্রি অর্জন করেছেন।
তার গবেষণার শিরোনাম ছিল: “Advancing Aquaponics System to produce Safe Food through Optimizing Substrate, Stocking Density and Feeding of Fish”। এই গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তিনি বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট এবং BAS-USDA (Bangladesh Academy of Science – US Department of Agriculture) থেকে সম্মানজনক ফেলোশিপ লাভ করেন।
মোশারফ হোসেনের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং এটি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগের জন্যও এক গর্বের বিষয়। তার গবেষণা কৃষি প্রযুক্তির আধুনিকায়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনের দিকেও এক গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সকলেই আশাবাদী।
এই আনন্দঘন উপলক্ষে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বিভাগের কো-অর্ডিনেটর ওয়াহিদুল ইসলাম এবং সাবেক কো-অর্ডিনেটর ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোঃ মাসুদুল হাসান।
ড. মোঃ মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে কৃষি ব্যবসা শিক্ষা ও গবেষণায় নিবেদিতভাবে কাজ করে আসছেন। তার নিষ্ঠা, অধ্যবসায় এবং একাগ্রতা তাকে আজকের এই অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। PhD ডিগ্রি কেবলমাত্র একটি একাডেমিক সনদ নয়, এটি একজন গবেষকের অন্তরের নিষ্ঠা, মানসিক দৃঢ়তা ও জ্ঞানের প্রতি ভালোবাসার প্রতিফলন। তিনি শিক্ষা, নেতৃত্ব, শৃঙ্খলা ও সহমর্মিতার এক উজ্জ্বল উদাহরণ।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্বে শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনার মধ্য দিয়ে এবং মিষ্টিমুখের মাধ্যমে আয়োজনের সুন্দর সমাপ্তি ঘটে।

