চাষিবন্ধু সমবেশ দেশদেশান্তর

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের আট দফা দাবিতে ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

চাষাবাদ ডটকম ডেস্ক:

উচ্চশিক্ষাসহ আট দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে দেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’-এর ব্যানারে রোববার (২০ এপ্রিল) অনুষ্ঠিত এ কর্মসূচিতে সারা দেশ থেকে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা জানান, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির বিষয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি না হওয়ায় তারা হতাশ। এ প্রেক্ষিতে আগামীকাল সোমবার (২১ এপ্রিল) ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে খামারবাড়ি এলাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

আন্দোলনের সমন্বয়কারী আসাদুজ্জামান আবির বলেন, “আট দফা দাবির বিষয়ে বারবার আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই খামারবাড়ি এলাকায় অবস্থান নিয়ে কৃষিসংশ্লিষ্ট সরকারি কার্যক্রমে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো হবে।”

সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, বর্তমানে দেশে সরকারি ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ২৬০টি বেসরকারি কৃষি কলেজে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এ শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে উচ্চশিক্ষা ও সুযোগ-সুবিধায় বৈষম্যের শিকার হচ্ছেন বলে তাদের অভিযোগ।

আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়সমূহে উচ্চশিক্ষার সুযোগ প্রদান,

২. উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির মর্যাদায় গেজেট প্রকাশ,

৩. নিয়মিত নিয়োগ প্রক্রিয়া বজায় রাখা,

৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে আলাদা কাঠামোয় কৃষি মন্ত্রণালয়ের আওতায় আনা,

৫. কৃষি গবেষণা প্রতিষ্ঠানে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য পদ সংরক্ষণ,

৬. বেসরকারি খাতে নির্ধারিত পে-স্কেল নিশ্চিতকরণ,

৭. মাঠ সংযুক্তি ভাতা প্রদান,

৮. চাকরিতে প্রবেশের পর ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তারা তাদের দাবি তুলে ধরছেন এবং ভবিষ্যতেও আইনের প্রতি শ্রদ্ধা রেখে আন্দোলন চালিয়ে যাবেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

চাষিবন্ধু সমবেশ

সিলেটে ডিপ্লোমা কৃষিবিদ নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে ১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য
দেশদেশান্তর

অ্যাডাস্ট প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা ১১ সেপ্টেম্বর ২০২৩ রোজ:সোমবার