মুক্তমত

ঢাকা শহরে কৃষি কর্মকর্তার কেনো প্রয়োজন?

| শাহ পরান |

ঢাকা শহরে দুই কোটিরও বেশি মানুষের বসবাস। প্রতি বর্গ কিলোমিটারে বাস করেন প্রায় চার লাখেরও বেশি মানুষ। দিন দিন এই সংখ্যা টা বেড়েই চলছে। গাছপালা কেটে, ফসলি জমি ভরাট করে নতুন নতুন আবাসন প্রকল্প তৈরি হচ্ছে। ১৯৮৯ সালে ঢাকা শহরের গাছপালার পরিমাণ ছিলো ২৬.৬৮ শতাংশ যা ধীরে ধীরে কমে ১৯৯০, ২০০৯ সালে যথাক্রমে ১৫.৯৩ শতাংশ এবং ৮.৫৩ শতাংশে নেমে এসেছে।

অন্যদিকে ঢাকা শহরের বার্ষিক গড় তাপমাত্রা ছিলো ১৮-২৪ ডিগ্রী সেলসিয়াস, যা ২০০৯ সালে বেড়ে দাড়িয়েছে ২৪-৩০ ডিগ্রি সেলসিয়াস।
বর্তমানে তো এই হিসাব আরো বেড়ে যাচ্ছে।

গাছপালা কমে যাওয়ার ফলে ঢাকা শহরের তাপমাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ফলে ঢাকা শহর মানুষের বসবাস অনুপযোগী শহর হিসেবে পরিণত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা শহরকে বসবাসের উপযোগী আদর্শ শহর হিসেবে গড়ে তুলার জন্য, এই অতিরিক্ত তাপমাত্রা কমানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঢাকায় গাছপালার সংখ্যা বৃদ্ধি করতে হবে। আর এটা সম্ভব হবে ঢাকা শহরের প্রতিটি ছাদে পরিকল্পিত বাগান করার মাধ্যমে।

বিশেষজ্ঞরা মনে করেন, যদি শহরের সব ছাদে বাগান করা যায় তাহলে তাপমাত্রা বৃদ্ধি তো হবেইনা বরং ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানো সম্ভব হবে।

ছাদ বাগান করার জন্য করণীয় কি?

ঢাকা শহরকে সবুজায়ন করার জন্য, বসবাসের উপযোগী আদর্শ শহর হিসেবে গড়ে তোলার জন্য ঢাকা শহরের প্রতিটি ছাদে বাগান করার কোন বিকল্প নেই। ২০২২ সালের গেজেটভুক্ত হওয়া রাজউকের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) জরিপের তথ্যমতে রাজউক এলাকায় প্রায় ২১ লাখ ৪৫ হাজার বহুতল ভবন রয়েছে। দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে এখন এর সংখ্যা ২৫-৩০ লাখে দাঁড়িয়েছে।

এই বিশাল অংকের ছাদকে সবুজায়ন করতে হলে প্রয়োজন হলো বৃহৎ পরিকল্পনা। আর বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে ঢাকা শহরের বসবাসকারী মানুষদেরকে ছাদ বাগানের উপকারীতা সম্পর্কে ধারণা দিতে হবে, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ছাদ বাগান সম্পর্কে সভা সেমিনার করতে হবে, ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ছাদ বাগান বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
মূলত জনসম্পৃক্ততা বাড়াতে হবে।
সরকারি-বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানকে বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।

ঢাকা শহরকে সবুজায়ন করার লক্ষ্যে কাজ করছে কৃষি মন্ত্রণালয়ের অধিভুক্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সরাসরি কৃষকদের সাথে কাজ করে থাকেন। ছাদ বাগানকে সবুজায়ন করার জন্য ঢাকা শহরে সবমিলিয়ে অফিসারের সংখ্যা হলো ৬০-৭০ জন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ নিয়মিত ঢাকা শহরের ভবন মালিকদের সাথে আলোচনার মাধ্যমে নতুন নতুন ছাদ বাগান স্থাপন করার বিষয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আর যেসকল ছাদ স্থাপন হয়েছে সেগুলোর পরিচর্যা, রোগ বালাই, পোকা-মাকড় প্রতিরোধে নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছেন।

কিন্তু বিপত্তি হলো এই ২৫-৩০ লাখের বিশাল অংকের ছাদ বাগান স্থাপন করা এবং পরবর্তী পরামর্শ প্রদান করার জন্য ৬০-৭০ জন অফিসার যথেষ্ট কি না তা প্রশ্ন থেকে যায়। একজন অফিসার একদিনে কতগুলো ছাদ পরিদর্শন করে পরামর্শ দিতে পারবেন? কতগুলো ভবন মালিকের সাথে আলোচনা করতে পারেন?

গত কয়েকদিন আগে দৈনিক কালের কন্ঠ পত্রিকায় নিজামুল হক নামের একজন সাংবাদিক ‘নেই কৃষি জমি, ঢাকায় এতো কৃষি কর্মকর্তার কাজ কি’ শিরোনামে একটি প্রতিবেদন করেন। কৃষি সম্পর্কে তিনি কতটুকু ধারণা রাখেন জানা নাই! কিন্তু তিনি প্রতিবেদনে যা লিখেছেন তা অধিকাংশ অমূলক। তার মন্তব্য গুলোর বিষয়ে তীব্র নিন্দা জানানো উচিত বলে মনে করি।

ঢাকার কৃষি সম্পর্কে নূন্যতম জ্ঞান তিনি রাখেন না বলে আমার বিশ্বাস। উপজেলার কৃষি আর ঢাকার কৃষি এক নয়। ঢাকায় জমি নেই বলে কি ঢাকায় কৃষি কাজ নেই? ঢাকাতে কি ছাদ বাগান প্রয়োজন নেই? কিছু মানুষ কৃষি কর্মকর্তাদের পরামর্শ ছাড়া স্ব-প্রণোদিত হয়ে শখের বসে ছাদ বাগান করেন কিন্তু ছাদ বাগান স্থাপন থেকে শুরু করে পরিচর্যা, রোগবালাই দমন, পোকামাকড় দমন ইত্যাদি সম্পর্কে ধারণা না রাখার কারণে, পরবর্তীতে ছাদ বাগানে আগ্রহ হারিয়ে ফেলেন। সেজন্য ঢাকায় পর্যাপ্ত দক্ষ কৃষি কর্মকর্তা প্রয়োজন।

ঢাকায় ১৩০ টা ওয়ার্ড এবং ৭২৫ টি মহল্লা রয়েছে। ছাদ বাগান স্থাপন থেকে শুরু করে সকল পরামর্শের জন্য প্রতিটি মহল্লায় একজন উপসহকারী কৃষি কর্মকর্তার প্রয়োজন। তাহলে ঢাকার প্রতিটি ছাদকে সবুজায়ন করা সম্ভব। ৬০-৭০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা দিয়ে ২৫-৩০ লাখ ছাদ বাগান স্থাপন করা কি সম্ভব?

কৃষি সম্পর্কিত প্রতিবেদন করার ক্ষেত্রে প্রতিটি সাংবাদিকের কৃষি সম্পর্কে পর্যাপ্ত ধারণা নিয়ে প্রতিবেদন করা উচিত, তা না হলে কৃষি হুমকির মুখে পরার সম্ভাবনা রয়েছে। আর আপনারা যারা দেশের নীতিনির্ধারক রয়েছেন, সুশীল সমাজ রয়েছেন, তাদেরকেও কিছু সাংবাদিকের অপরিপক্ব নিউজে গুরুত্ব দেওয়া বা বিভ্রান্ত হয়ে নেতিবাচক মন্তব্য করা সঠিক নয়।

গ্রামের কৃষি আর ঢাকার কৃষি এক নয়।
গ্রামের কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের নানামুখী প্রকল্প বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিভিন্ন প্রদর্শনী, প্রণোদনা, পূর্নবাসনসহ বিভিন্ন ভাবে কৃষকদের সেবা দিয়ে থাকে।কৃষি অফিসের সাথে কৃষকদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য ট্রেনিং কর্মসূচি, মাঠ দিবসসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কিন্তু দুঃখজনক বিষয় হলো, ঢাকা শহরের কৃষি উন্নয়নের জন্য সেরকম কোন কর্মসূচি নেই। নেই কোন প্রকল্প, নেই কোন ট্রেনিং এর ব্যবস্থা, অর্থাৎ ছাদ বাগানী আর কৃষি অফিসের মাঝে সম্পর্ক উন্নয়নে কোন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

একজন উপসহকারী কৃষি কর্মকর্তা যখন নতুন একটি ভবনে ছাদ বাগান স্থাপনের চেষ্টা করে, তখন অনেক ভবন মালিক তার ছাদে উঠতে দিতে পর্যন্ত অনিহা প্রকাশ করে। আবার কিছু ভবন মালিক প্রশ্ন করে ছাদ বাগান করবো কিন্তু আপনারা সরকার থেকে কি সহায়তা দিবেন?

এরকম শত প্রতিকূলতার মধ্যে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা ছাদ বাগান স্থাপনে এবং স্থাপনকৃত বাগানে নিয়মিত পরামর্শ দিয়ে আসছেন। কিন্তু উক্ত প্রতিবন্ধকতার মধ্যে এই ২৫-৩০ লাখ ভবনে ছাদ বাগান করাটা ৬০-৭০ জন উপসহকারী কৃষি কর্মকর্তার পক্ষে মোটেও সম্ভব নয়।

সবাই শুধু নেগেটিভ চিন্তা করে, কিন্তু এগুলো উত্তরণে কি কি উদ্যোগ নিতে হবে তা নিয়ে চিন্তা-গবেষণা করেন না। ঢাকা শহরকে গ্রীন সিটি করার জন্য বাংলাদেশ সরকারের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করি-

১। ঢাকা শহরকে গ্রীন সিটি করার জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা।
২। ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে/মহল্লায় একজন করে স্মার্ট ও দক্ষ উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ করা।
৩। নতুন ভবন নির্মাণে রাজউক কর্তৃক অনুমোদন নেওয়ার শর্তে ছাদ বাগান স্থাপন বাধ্যতামূলক করা।

৪। ছাদ বাগানীদের ট্যাক্স কমিয়ে দেওয়া।
৫। ছাদ বাগানীদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যাবস্থা করা।
৬। ঢাকায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের ছাদ বাগান বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করে দক্ষ হিসেবে গড়ে তুলা।

৭। প্রতিটি ওয়ার্ডে ছাদ বাগানীদের নিয়ে মাঠ দিবস, সভা, সেমিনার, প্রশিক্ষণের ব্যবস্থা করা। প্রয়োজনে মাইকিং করে জনসম্পৃক্ততা বাড়ানো।

৮। ঢাকায় কর্মরত কর্মকর্তাদেরকে, ছাদ কৃষিতে সফলতার তথ্য গুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা।

৯। ছাদ কৃষির সম্মানিত কৃষকদেরকে বিভিন্ন বীজ সহায়তা, নার্সারি থেকে চারা বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা করা।

১০। ছাদ কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ছাদ বাগানী ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের জাতীয় পর্যায়ে পুরস্কার প্রদানের ব্যবস্থা করা।

উক্ত বিষয় গুলো বাস্তবায়িত হলে ঢাকা শহর হবে গ্রীন সিটি, বসবাস উপযোগী একটি শহর। অন্যথায়, ঢাকা শহর বসবাস অনুপযোগী শহরের ১ নাম্বারে থাকবে।
তাই বর্তমান নীতিনির্ধারক মহলকে এই বিষয় গুলো গভীর ভাবে চিন্তা করতে হবে।
কি কি পদক্ষেপ নিলে ঢাকা শহরের মানুষেরা নির্মল বাতাস পেয়ে বেচেঁ থাকতে পারবেন সেই পদক্ষেপ গুলো জরুরি ভিত্তিতে গ্রহণ করা প্রয়োজন।

উল্লেখ্য: কৃষি বিষয়ে রিপোর্ট করতে সাংবাদিকদের পর্যাপ্ত জ্ঞান অর্জন করা উচিত। আর নীতিনির্ধারকদের এসব সমস্যার সমাধান নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করতে হবে।

লেখক: শাহ পরান,
ডিপ্লোমা (কৃষি), বিএসসি (কৃষি)
ঢাকা।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

মুক্তমত

কৃষিতে নারীর অবদানের প্রকৃত স্বীকৃতি নেই

|| এ. কে. আজাদ ফাহিম || আবহমান কাল থেকে আমাদের এই দেশ কৃষি প্রধান দেশ হিসেবে পরিচিত। কৃষি একটি মহান
মুক্তমত

কৃষি ডিপ্লোমাধারীরা কেন উচ্চশিক্ষা বঞ্চিত হবেন?

বাংলাদেশে ১৮টি সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। আর বেসরকারি পর্যায়ে রয়েছে ১৬২টি। সরকারি-বেসরকারি মিলিয়ে ছয় হাজারের বেশি পাস করে বের