সাহিত্য ও মননশীলতা

তাজ উদ্দিন সম্রাট এর ছড়া — মিছে তর্ক

শেয়াল, ইঁদুর তর্ক বাঁধে হিংস্র বেশি কে
‘বাঘ নাকি বিড়াল’ নিয়ে জড়ায় বিতর্কে,
শিয়াল বলে,”হিংস্র বেশি আমার মতে বাঘ
যখন তখন গর্জে ওঠে সে কি ভিষণ রাগ!”

ইঁদুর বলে,” ধ্যত্তেরি ছাই বলছো তুমি যা তা
বাঘ তো হলো বনের পশু খায় সে লতাপাতা।
কোমল-কুসুম মুখটি তার; চুপটি মেরে থাকে
বৃথাই তুমি হিংস্র বলে গাল দিচ্ছো তাকে।

বলছি শোন বুঝিয়ে তোমায় হিংস্র হলো কে যে
হিংস্র সেতো দুষ্ট বিড়াল কামড়ে ধরে লেজে,
তার জন্যে যায় না থাকা ঘরে কিংবা বনে
কখন যেন ঝাপটে ধরে ভয় সারাক্ষণ মনে! “

শেয়াল শুনে হতদ্যোম চেঁচিয়ে ওঠে খুব
বলে– “ইঁদুর হতোচ্ছাড়া সব থেকে বেকুব,
বিড়াল হলো শান্ত-শিষ্ট; ঘরের কোনে বাস
বাঘের সাথে তার তুলনা মানেই উপহাস”।

ইঁদুর শুনে রেগেমেগে মারলো তাকে চড়
বললো– “পাঁজি, মূর্খ, গবেট বই-পুস্তক পড়,
বিদ্যাবুদ্ধির বালাই নেই; তাইতো হ’লি বোকা
বাজে বকে এই আমাকে যায়না দেয়া ধোঁকা।”

দু’জন শেষে দু’দিকে যায় কেউ মানে না হার
সবার কথায় সবাই সেরা, সমান অহংকার
তোমরা যারা পড়লে ছড়া বলতে পারো ভেবে
শিয়াল? ইদুর? কার কথাটা সত্যি মেনে নেবে?

পরের কথায় ভাবলে পরে তোমারও হবে ভুল
সবার কথা না ভেবে রও নিজ কাজে মশগুল
যার জ্ঞান যেমন সেতো তেমন ভাবে এবং বলে
সবার কথা শুনলে বলি- জীবন কী আর চলে?

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।