বাংলাদেশে এমন অনেক আইন রয়েছে, যেগুলো শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ। বাস্তবে এগুলোর কার্যকর প্রয়োগ খুব একটা দেখা যায় না। এরই একটি গুরুত্বপূর্ণ আইন হলো “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫”।
এই আইনে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ বলা হলেও বাস্তবে দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। বাসস্ট্যান্ড, রেলস্টেশন, ফুটপাথ, বাজার, অফিস চত্বর, এমনকি আদালত প্রাঙ্গণেও অবাধে ধূমপান করতে দেখা যায়। আইনটি যেন কেবল কাগজে লেখা কিছু শব্দ মাত্র!
আইনের দৃষ্টিতে তামাক ও ধূমপান
আইনের সংজ্ঞা অনুযায়ী, “তামাক” বলতে নিকোটিনযুক্ত তামাক গাছের অংশ বোঝানো হয়, যা ধূমপান, চোষণ বা চিবানোর মাধ্যমে গ্রহণ করা হয়। বিড়ি, সিগারেট, চুরুট, গুল, জর্দা, খৈনি, সাদাপাতা, হুক্কা—সবই তামাকজাত দ্রব্যের অন্তর্ভুক্ত।
“ধূমপান” বলতে বোঝানো হয়েছে প্রজ্বলিত তামাকজাত দ্রব্যের ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করা বা বাহির করা। অর্থাৎ শুধু ধূমপান করাই নয়, জ্বলন্ত সিগারেট হাতে রাখাও আইনের আওতায় পড়ে।
পাবলিক প্লেসে ধূমপান কি আইনসিদ্ধ?
আইন অনুসারে, “পাবলিক প্লেস” বলতে বোঝানো হয়েছে—
✅ শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, হাসপাতাল, আদালত, বিমানবন্দর, স্টেশন, বাস টার্মিনাল, সিনেমা হল, শপিং মল, রেস্টুরেন্ট ইত্যাদি।
✅ “পাবলিক পরিবহন” বলতে বোঝানো হয়েছে বাস, ট্রেন, লঞ্চ, উড়োজাহাজসহ সকল গণপরিবহন।
এই জায়গাগুলোতে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ, তবে নির্দিষ্ট কিছু স্থানে “ধূমপান এলাকা” নির্ধারণের সুযোগ রয়েছে।
আইন লঙ্ঘনের শাস্তি কী?
📌 পাবলিক প্লেস বা পরিবহনে ধূমপান করলে সর্বোচ্চ ৩০০ টাকা জরিমানা হতে পারে।
📌 একই ব্যক্তি বারবার আইন লঙ্ঘন করলে শাস্তির পরিমাণ দ্বিগুণ হতে থাকবে।
📌 পাবলিক প্লেসের কর্তৃপক্ষ ধূমপান নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
প্রশ্ন হলো, বাস্তব চিত্র কী?
যেখানে-সেখানে ধূমপান দেখে মনে হয়, আইন না মানাটাই স্বাভাবিক আর আইন মানাটাই অপরাধ! ধূমপানবিরোধী আইন কার্যকর করতে হলে প্রয়োজন কঠোর নজরদারি ও বাস্তবমুখী পদক্ষেপ।
তামাকমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য আইনের বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি ও কঠোর মনিটরিং জরুরি। অন্যথায়, এ আইন শুধু কাগজে-কলমেই থেকে যাবে, বাস্তবে নয়!
✍ চাষাবাদ ডটকম

