চলমান কৃষি দেশদেশান্তর

পিএসসির নিয়োগে প্রশাসনের ছায়া, উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ কমিটি নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আওতাভুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করেছে সরকার। পিএসসির অধীনে নিয়োগ প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় পৃথক এই প্রশাসনিক কমিটি কীভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানটির কাজ দ্রুত করতে সহায়তা করবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে জনপ্রশাসন মহলে।

বিশেষজ্ঞদের মতে, পিএসসির অধীনে চলমান কোনো নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হলে কমিশনের সঙ্গে সমন্বয় করাই স্বাভাবিক পদ্ধতি। এ ক্ষেত্রে পৃথক উচ্চপর্যায়ের প্রশাসনিক কমিটি গঠন এবং এর সুনির্দিষ্ট কার্যপরিধি না থাকায় কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এর আগে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার পাস নম্বর কমানো এবং মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ নিয়ে বিতর্ক তৈরি হয়। নিয়োগে স্বচ্ছতার ঘাটতি ও অনিয়মের আশঙ্কা প্রকাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভও হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরিপ্রার্থীরাও এ নিয়ে সোচ্চার হয়েছেন। বিষয়টি সংসদেও আলোচনায় এসেছে।

গত ৬ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে। প্রজ্ঞাপন অনুযায়ী, উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাই কমিটির প্রধান কাজ। কাজের সুবিধার্থে প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বৈঠক আয়োজন করতে পারবে কমিটি। এ কাজে কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তবে প্রজ্ঞাপনে নিয়োগ প্রক্রিয়ার কোন পর্যায়ে কমিটি কাজ করবে, পিএসসির সঙ্গে কীভাবে সমন্বয় করবে কিংবা চলমান নিয়োগ প্রক্রিয়ায় কমিটির ভূমিকা কী হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি। একই সঙ্গে নিয়োগকারী কর্তৃপক্ষ কৃষি মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধিকে কমিটিতে রাখা হয়নি।

উপসহকারী কৃষি কর্মকর্তা পদের নিয়োগকারী কর্তৃপক্ষ কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে পিএসসি প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা আয়োজন করছে। বিসিএসের বাইরে বিভিন্ন নন-ক্যাডার পদে নিয়োগও পিএসসির প্রাতিষ্ঠানিক দায়িত্বের অংশ। ফলে একটি নির্দিষ্ট পদের নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে পৃথক উচ্চপর্যায়ের প্রশাসনিক কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। কমিটি গঠনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর বক্তব্যের বরাত দিয়ে সমকাল জানিয়েছে, তিনি এ বিষয়ে তখনও কোনো চিঠি পাননি এবং বিষয়টি অফিসে গিয়ে দেখে বলতে পারবেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা পদটি কৃষি মন্ত্রণালয়ের এবং এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ নেই।

এদিকে ৮ সেপ্টেম্বর উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে পিএসসি। এতে ৪৩০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পিএসসির অধীনে ১০ম গ্রেডভুক্ত এই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ৬ অক্টোবর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের এখন মৌখিক পরীক্ষা ও পরবর্তী চূড়ান্ত নিয়োগের ধাপ পেরোতে হবে। কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী কৃষি কর্মকর্তার মোট পদ রয়েছে ১৪ হাজার ১০০টি। এর মধ্যে ৩ হাজার ৭৫১টি শূন্য পদে নিয়োগের জন্য পিএসসিতে চাহিদাপত্র পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়।

কমিটি গঠনের বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিমের বক্তব্যের বরাত দিয়ে সমকাল জানিয়েছে, কমিটি গঠনের বিষয়ে মন্তব্য করা তাঁর পক্ষে সমীচীন নয়। তবে শূন্য পদ পূরণের জন্য পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়েছে এবং দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করার জন্য মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে। এখন পিএসসি তাদের সুবিধা অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করবে বলে তিনি জানান।

প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই এবং নিয়োগ প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিশ্চিত করা পিএসসির অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু সরকারের প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি হিসেবে শুধু ‘নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ’-এর কথা বলা হয়েছে। কীভাবে এই গতি আনা হবে, পিএসসির কোন পর্যায়ে কমিটি কাজ করবে কিংবা কমিশনের চলমান নিয়োগ প্রক্রিয়ায় কমিটির ভূমিকা কী হবে, তা স্পষ্ট নয়।

জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়ার বক্তব্যের বরাত দিয়ে সমকাল জানিয়েছে, পিএসসির সুপারিশ ছাড়া নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার ক্ষেত্রে দুটি পথ রয়েছে। একটি হলো বিধিমালা সংশোধন করে পদগুলোকে পিএসসির আওতার বাইরে নেওয়া। অন্যটি অ্যাডহক নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা। তবে উভয় ক্ষেত্রেই নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং অনিয়ম ও দুর্নীতির আশঙ্কা তৈরি হতে পারে বলে তিনি মনে করেন।

একাধিক কর্মকর্তার বক্তব্যও প্রকাশ করেছে সমকাল। তাঁদের মতে, নিয়োগ প্রক্রিয়ায় বিলম্বের কারণ যদি পিএসসির সক্ষমতা বা দীর্ঘসূত্রতা হয়, তাহলে সমস্যা সমাধানে পিএসসির সঙ্গে সমন্বয় করাই স্বাভাবিক পদ্ধতি। চলমান নিয়োগ কার্যক্রমের জন্য পৃথক প্রশাসনিক কমিটি গঠন ভালো নজির হিসেবে বিবেচিত নাও হতে পারে বলেও তাঁরা মত দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদের সাবেক এক সচিব সমকালকে বলেন, কমিটির কার্যপরিধি স্পষ্ট না হওয়ায় এর প্রকৃত উদ্দেশ্য কী, তা বোঝা যাচ্ছে না। একজন প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে মন্ত্রিপরিষদ সচিবকে ওই কমিটির সদস্য করার বিষয়টিকেও তিনি দৃষ্টিকটু বলে মন্তব্য করেন।

ওই সাবেক সচিবের মতে, মন্ত্রিপরিষদ সচিব একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ পদ। উন্নত দেশগুলোতে সাধারণত এভাবে কমিটি করা হয় না। বাংলাদেশেও মন্ত্রিপরিষদ সচিবকে এ ধরনের কমিটির সদস্য করার নজির খুব বেশি নেই।

সব মিলিয়ে, পিএসসির অধীনে চলমান উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ায় সরকারের গঠিত এই কমিটি কীভাবে কাজ করবে, পিএসসির সাংবিধানিক দায়িত্বের সঙ্গে এর সমন্বয় কীভাবে হবে এবং নিয়োগ কার্যক্রমে এর প্রকৃত ভূমিকা কী হবে, তা নিয়ে এখনো স্পষ্টতা নেই। দ্রুত নিয়োগ সম্পন্ন করার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করাও সংশ্লিষ্টদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

চলমান কৃষি

ইরির তত্ত্বাবধানে খাগড়াছড়িতে উচ্চ ফলনশীল ধানের বাম্পার ফলন

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার পাকিজাছড়ি গ্রামে এবং সদর উপজেলার ভূয়াছড়ির নতুন বাজার গ্রামে আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ইরি) তত্ত্বাবধানে কম সময়ে
চলমান কৃষি

সিলেটের বিশ্বনাথে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প’র আওতায় ৩ দিনব্যাপী (৮-১০ মে) কৃষি