ঢাকা, ১১ নভেম্বর ২০২৫:
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ঢাকার খামারবাড়িতে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (ডিকেআইবি) এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, পরবর্তীতে তা স্থগিত রেখে খামারবাড়ি মিলনায়তনে বিকেল ৪টায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রবিন এবং সভাপতিত্ব করেন ডিকেআইবি কেন্দ্রীয় সভাপতি মোঃ জিয়াউল হায়দার পলাশ। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ জাহীদ হোসেন।
জিয়াউল হায়দার পলাশ তার বক্তব্যে বলেন, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজুর অযাচিত মন্তব্যের ঘটনার সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত বিচার নিশ্চিতকরণের বিষয়ে কৃষি সচিব মহোদয়ের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়েছে। এই প্রেক্ষিতেই সংগঠনটি আজকের মানববন্ধন ও আগামিকালের সারাদেশব্যাপী ঘোষিত মানববন্ধন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও বলেন,
“উপযুক্ত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করে পরিবেশ স্বাভাবিক রাখাই আমাদের উদ্দেশ্য। কিন্তু যদি আশ্বাস অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে ডিকেআইবি আবার কর্মসূচির নতুন সময়সূচি ঘোষণা করবে।”
ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আগত ডিপ্লোমা কৃষিবিদরা সমাবেশে উপস্থিত ছিলেন। প্রোগ্রাম শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

