চাষাবাদ ডটকম প্রতিবেদক: নিরাপদ ও গুণগত মানসম্পন্ন মাছ উৎপাদন নিশ্চিত করে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মৎস্যপণ্যের রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেন, বিশ্ববাজারে খাদ্যের চাহিদার পাশাপাশি নিরাপদ ও মানসম্মত খাদ্যের গুরুত্বও দিন দিন বাড়ছে। তাই আন্তর্জাতিক মান ও নিরাপদ খাদ্য উৎপাদনের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি পর্যন্ত প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে বাংলাদেশের মৎস্যপণ্যের রপ্তানি আরও বাড়ানো সম্ভব।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের মৎস্য খাতের বর্তমান সমস্যা, সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা সম্পর্কে সম্যক ধারণা নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে। মানুষের পুষ্টি চাহিদা এবং বিশ্ববাজারে নিরাপদ ও মানসম্মত মাছের চাহিদাকে বিবেচনায় নিয়ে অগ্রাধিকারভিত্তিতে সমস্যাগুলো চিহ্নিত ও সমাধান করা গেলে এ খাতে দ্রুত অগ্রগতি সম্ভব।
প্রাকৃতিকভাবে মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে পর্যাপ্ত অভয়াশ্রম নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকার ইতোমধ্যে মাছ সংরক্ষণ ও প্রাকৃতিক প্রজনন বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে কৃষিতে অতিরিক্ত কীটনাশক ও সার ব্যবহারসহ বিভিন্ন পরিবেশগত চাপ মাছের প্রাকৃতিক উৎপাদন ও প্রজননকে বাধাগ্রস্ত করছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবেশসম্মত ও আধুনিক উৎপাদন পদ্ধতি গ্রহণ করতে হবে।
মন্ত্রী আরও বলেন, সীমিত জায়গায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক মাছ উৎপাদনের সুযোগ রয়েছে। প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্যও মানসম্মত মৎস্যপণ্য উৎপাদন করা সম্ভব।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মৎস্যপণ্যের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিভিন্ন দেশে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির মধ্যে দেশের মিঠাপানির মাছের ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদাকে কাজে লাগিয়ে রপ্তানি বাড়ানো সম্ভব। তবে শুধু প্রবাসী বাংলাদেশিদের চাহিদার ওপর নির্ভর করলে চলবে না। যে দেশে মৎস্যপণ্য রপ্তানি করা হবে, সেই দেশের ভোক্তাদের পছন্দ, খাদ্যাভ্যাস ও বাজার চাহিদা বিবেচনায় নিয়ে উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করতে হবে।
চিংড়ি, কাঁকড়া, কুচিয়াসহ বিভিন্ন জলজ প্রাণীর রপ্তানি সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব পণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উন্নত পোনা উৎপাদন ও প্রজনন ব্যবস্থার ওপর গুরুত্ব দিতে হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে পোনা উৎপাদন ও লালন-পালন করা গেলে উৎপাদন এবং রপ্তানি উভয়ই বহুগুণ বাড়ানোর সুযোগ রয়েছে।
মৎস্য উৎপাদনে গুণগত মান, নিরাপদ খাদ্য, পরিবেশ সুরক্ষা, আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদার মধ্যে সমন্বয় ঘটানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট বিজ্ঞানী, গবেষক ও পেশাজীবীদের অভিজ্ঞতা ও পরামর্শ মৎস্য খাতের উন্নয়নে সরকারকে আরও কার্যকরভাবে সহায়তা করবে।
বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, মাছের উৎপাদন বাড়াতে হলে মাছের বেড়ে ওঠা ও প্রজননের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। নদী-নালা দখল, নাব্যতা সংকট এবং শিল্পকারখানার বর্জ্যে পানিদূষণের কারণে মাছের স্বাভাবিক বিচরণ ও প্রজননক্ষেত্র বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, মাছের আবাসস্থল ফিরিয়ে আনতে নদী ও খালের নাব্যতা বজায় রাখা এবং নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি। এ লক্ষ্যে নদী ও খাল পুনঃখননের উদ্যোগ বাস্তবায়িত হলে মাছের প্রজনন ও বিচরণের উপযোগী পরিবেশ তৈরি হবে এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব পড়বে।
মাছ চাষে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারে একদিকে খামারিরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে নিরাপদ খাদ্য উৎপাদনও ঝুঁকির মুখে পড়ছে। এ বিষয়ে খামারিদের সচেতন করতে জেলাভিত্তিক সেমিনার ও কর্মশালা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিএফআরআইয়ের বিজ্ঞানীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মশিউর রহমান। এতে দেশের মৎস্য উৎপাদন, নিরাপদ খাদ্য, পরিবেশ সুরক্ষা, প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

