চলমান কৃষি

মাটি ও পরিবেশ রক্ষায় চট্টগ্রামের তরুণের জৈব সার উদ্যোগ

মাটি ও পরিবেশকে রাসায়নিক দূষণ থেকে রক্ষা এবং টেকসই কৃষিকে উৎসাহিত করার লক্ষ্যে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে জৈব সার উৎপাদন করছেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আত-তাওয়াবুল ইসলাম। বংশপরম্পরায় নার্সারি ব্যবসার সঙ্গে যুক্ত এই উদ্যোক্তা তার উৎপাদিত জৈব সার দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে কাজ করছেন।

চট্টগ্রামের লালদীঘি মাঠে আয়োজিত বৃক্ষমেলায় বাসসের সঙ্গে আলাপকালে ‘জান্নাতশপ.সিটিজি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আত-তাওয়াবুল ইসলাম তার উদ্যোগের কথা জানান।

তাওয়াবুল ইসলাম বলেন, রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারের কারণে মাটি ও পানি দূষিত হওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। এ পরিস্থিতিতে মাটির স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় জৈব সার ব্যবহারে মানুষকে উৎসাহিত করা প্রয়োজন।

তিনি জানান, ২০০৫ সালে ছাত্রাবস্থায় বাগান করার মাধ্যমে তার এ উদ্যোগের শুরু। সে সময় ইউরিয়া, পটাশ ও টিএসপি সার কেনার সামর্থ্য না থাকায় বিকল্প হিসেবে রান্নাঘরের জৈব বর্জ্য, কিচেন কম্পোস্ট ও গোবর ব্যবহার শুরু করেন। পরবর্তী সময়ে এসব উপাদান নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি বাণিজ্যিকভাবে জৈব সার উৎপাদনের উদ্যোগ নেন।

তার ভাষ্য অনুযায়ী, কাঁচা গোবর সরাসরি গাছে প্রয়োগ না করে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিশিয়ে সার তৈরি করা হয়। রান্নাঘরের জৈব বর্জ্য ও শাকসবজির খোসার পাশাপাশি ভার্মিকম্পোস্ট, পচা পাতা, ধানের তুষ, খড়, ডিমের খোসা, হাড়ের গুঁড়া, শিং কুচি, নিম খৈল, সরিষার খৈল ও গাছের ছালসহ প্রায় ১৫ ধরনের প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়।

উদ্যোক্তা জানান, তার উৎপাদিত জৈব সারের দাম প্রতি কেজি ৪০ থেকে ৮০ টাকা। গাছ লাগানোর ক্ষেত্রে একবার প্রয়োগের পর প্রায় চার মাস পর্যন্ত অতিরিক্ত সার প্রয়োগের প্রয়োজন হয় না বলেও তিনি দাবি করেন।

তার মতে, কৃষি ও উদ্ভিদ পরিচর্যায় জৈব উপাদানের ব্যবহার বাড়ানো গেলে একদিকে মাটির স্বাস্থ্য রক্ষা করা সম্ভব হবে, অন্যদিকে রান্নাঘরের বর্জ্যসহ বিভিন্ন জৈব উপাদানের কার্যকর পুনর্ব্যবহার নিশ্চিত হবে। এ ধরনের উদ্যোগকে উৎসাহিত করতে সরকারি পর্যায়ে আরও কার্যকর কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, জৈব সার হলেও এর ব্যবহার হতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদ মিসবাহুজ্জামান বলেন, জৈব উপাদান সঠিকভাবে প্রক্রিয়াজাত করে ব্যবহার করা হলে মাটির জৈব পদার্থ, পানি ধারণক্ষমতা, মাটির গঠন এবং উপকারী অণুজীবের কার্যক্রম বাড়তে পারে। তবে প্রাকৃতিক উপাদান মানেই সম্পূর্ণ নিরাপদ, এমন ধারণা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়।

তিনি বলেন, কাঁচা গোবর যথাযথভাবে পচানো ও পরিপক্ব না করে ব্যবহার করা উচিত নয়। একইভাবে হাড়, শিং, খৈল কিংবা রান্নাঘরের বর্জ্য সঠিক পরিমাণ ও অনুপাতে ব্যবহার না করলে মাটিতে অতিরিক্ত পুষ্টি জমতে পারে। অতিরিক্ত নাইট্রোজেন ও ফসফরাস মাটির পাশাপাশি ভূগর্ভস্থ পানি ও জলাশয় দূষণের কারণ হতে পারে।

অধ্যাপক খালেদ মিসবাহুজ্জামান আরও বলেন, জৈব ও রাসায়নিক সারকে কেবল ভালো বা খারাপ হিসেবে বিবেচনা করা ঠিক নয়। উদ্ভিদের প্রয়োজন অনুযায়ী সঠিক মাত্রায় রাসায়নিক সারও প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। মূল বিষয় হলো মাটি পরীক্ষা করে সঠিক সার, সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে প্রয়োগ করা।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম নাজের হোসাইন বলেন, সার কেনার সময় শুধু দাম কিংবা গাছ দ্রুত বড় হচ্ছে কি না, তা বিবেচনা না করে মাটির জন্য সেটি কতটা নিরাপদ, সেটিও বিবেচনায় নেওয়া উচিত। প্রকৃতির অপ্রয়োজনীয় উপাদানগুলোকে পুনরায় কৃষি ও উদ্ভিদ পরিচর্যার কাজে ব্যবহার করা গেলে পরিবেশের ভারসাম্য রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, প্রকৃতিকে একটি পুনর্ব্যবহারযোগ্য চক্র হিসেবে দেখতে হবে। ধানের তুষ, গাছের পাতা ও ছাল কিংবা পশুর হাড়ের মতো মানুষের কাছে অপ্রয়োজনীয় উপাদানও প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব উপাদানকে প্রক্রিয়াজাত করে কৃষি ও উদ্ভিদ পরিচর্যায় ফিরিয়ে দেওয়া পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সঠিক প্রক্রিয়ায় জৈব সার উৎপাদন, মান নিয়ন্ত্রণ এবং মাটি পরীক্ষার ভিত্তিতে এর ব্যবহার নিশ্চিত করা গেলে মাটির স্বাস্থ্য রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। চট্টগ্রামের এই তরুণ উদ্যোক্তার উদ্যোগ তাই জৈব বর্জ্যের পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষি চর্চায় নতুন সম্ভাবনার পথ দেখাতে পারে।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

চলমান কৃষি

ইরির তত্ত্বাবধানে খাগড়াছড়িতে উচ্চ ফলনশীল ধানের বাম্পার ফলন

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার পাকিজাছড়ি গ্রামে এবং সদর উপজেলার ভূয়াছড়ির নতুন বাজার গ্রামে আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ইরি) তত্ত্বাবধানে কম সময়ে
চলমান কৃষি

সিলেটের বিশ্বনাথে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প’র আওতায় ৩ দিনব্যাপী (৮-১০ মে) কৃষি