হাসিমুখ

অফিস সহকারী থেকে যুক্তরাষ্ট্রে পিএইচডি, এবার ওষুধ উদ্ভাবনের গবেষণায় আশুতোষ

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে যুক্তরাষ্ট্রে পিএইচডি সম্পন্ন করেছেন আশুতোষ নাথ। পড়াশোনার খরচ চালাতে কখনো দোকানে কাজ করেছেন, আবার জীবিকার প্রয়োজনে চাকরি করেছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে। সেই সংগ্রামী পথ পেরিয়ে এবার যুক্তরাষ্ট্রেই ওষুধ উদ্ভাবনের গবেষণায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মা-বাবার সঙ্গে পিএইচডি ডিগ্রি অর্জনের মুহূর্তের ছবি প্রকাশ করেন আশুতোষ। চলতি মাসেই তিনি ইউনিভার্সিটি অব হিউস্টনের কলেজ অব ফার্মেসিতে পিএইচডি-পরবর্তী গবেষক হিসেবে যোগ দিচ্ছেন। সেখানে তাঁর গবেষণার অন্যতম ক্ষেত্র হবে মেডিসিনাল কেমিস্ট্রি এবং নতুন ওষুধ উদ্ভাবন।

২০২১ সালের আগস্টে শতভাগ শিক্ষাবৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আশুতোষ। ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টন থেকে অর্গানিক কেমিস্ট্রিতে পিএইচডি সম্পন্ন করার পর এবার তিনি যুক্তরাষ্ট্রেই গবেষণার নতুন সুযোগ পেয়েছেন।

সংগ্রাম দিয়ে শুরু

আশুতোষের জন্ম চট্টগ্রামের ফটিকছড়ির এক প্রত্যন্ত গ্রামে। পরে তাঁর বাবা মিলন নাথ পরিবারের জীবিকার প্রয়োজনে খাগড়াছড়ির মানিকছড়িতে চলে যান। মা নিয়তী দেবী ধান ভাঙার মেশিন নিয়ে এলাকায় ঘুরে ঘুরে যে আয় করতেন, তা দিয়েই চলত সংসার। দুই ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট আশুতোষ।

তাঁর বড় ভাই পরিতোষ নাথ পোশাক সেলাইয়ের কাজ করতেন। নিজের আয়ের একটি বড় অংশ তিনি ছোট ভাইয়ের পড়াশোনার পেছনে ব্যয় করতেন। আশুতোষের ভাষায়, ভাইয়ের ত্যাগই তাঁকে পড়াশোনায় সেরাটা দেওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।

মানিকছড়ির রানী নিহার দেবী সরকারি উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিকে জিপিএ ৪.১৯ এবং মানিকছড়ি গিরী মৈত্রী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিকে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হন তিনি।

পরে চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে রসায়ন বিভাগে স্নাতকে ভর্তি হন। পড়াশোনার খরচ চালাতে চট্টগ্রামের চকবাজারে একটি কম্পিউটারের দোকানে কাজ নেন। সেখান থেকে পাওয়া আয় দিয়ে নিজের খরচ চালানোর পাশাপাশি পরিবারকেও সহায়তা করতেন।

অফিস সহকারী থেকে উচ্চশিক্ষার পথে

২০১৪ সালে স্নাতক তৃতীয় বর্ষে পড়ার সময় ঢাকায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরির জন্য আবেদন করেন আশুতোষ। ২০১৬ সালে চাকরি পেয়ে ঢাকায় চলে আসেন।

চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বেতন দিয়ে সংসার চালানো কঠিন হওয়ায় রাত জেগে ফ্রিল্যান্সিংও করতেন। ২০১৮ সালে ফ্রিল্যান্সিং করে দুই লাখ টাকার বেশি আয় করেন তিনি।

স্নাতকে ৩.১৬ সিজিপিএ অর্জনের পর ঢাকা কলেজে রসায়নে স্নাতকোত্তরে ভর্তি হন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রসায়নে স্নাতকোত্তরের সুযোগ পান। ২০১৯ সালে বুয়েট থেকে ৩.০৮ সিজিপিএ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

গবেষণাই দেখায় নতুন পথ

বুয়েটে পড়ার সময়ই গবেষণার প্রতি আগ্রহ তৈরি হয় আশুতোষের। আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তাঁর গবেষণাপত্র প্রকাশিত হয়। একই সময়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য আবেদন করার পরিকল্পনা করেন তিনি।

২০২১ সালের মার্চে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টন তাঁর আবেদন গ্রহণ করে। পরবর্তী সময়ে একাধিক ধাপের ভার্চ্যুয়াল সাক্ষাৎকারের পর পিএইচডি করার সুযোগ পান তিনি। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষা সহকারী হিসেবেও খণ্ডকালীন কাজের সুযোগ পান।

আশুতোষ মনে করেন, বাংলাদেশে তাঁর ফলাফল হয়তো খুব উজ্জ্বল ছিল না, কিন্তু গবেষণাপত্র ও গবেষণার অভিজ্ঞতাই তাঁকে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ এনে দেয়।

পাঁচ বছরের গবেষণায় অর্জন

অধ্যাপক ওয়েই ঝাংয়ের তত্ত্বাবধানে পিএইচডি সম্পন্ন করেন আশুতোষ। তাঁর গবেষণার মূল বিষয় ছিল জটিল পলিহেটেরোসাইক্লিক অণু তৈরির আরও কার্যকর পদ্ধতি উদ্ভাবন।

পিএইচডি গবেষণাকালে অর্গানিক সিনথেসিস, রিঅ্যাকশন অপটিমাইজেশন, পিউরিফিকেশন, এনএমআর, এলসি-এমএস, এইচপিএলসি, ক্রিস্টালোগ্রাফি, ডিএফটি ক্যালকুলেশন, মলিকিউলার ডকিং এবং ড্রাগ ডিজাইনসহ বিভিন্ন আধুনিক গবেষণা ও বিশ্লেষণ পদ্ধতি নিয়ে কাজ করেন তিনি।

নিজ বিশ্ববিদ্যালয়ের বাইরেও গবেষণার সুযোগ পেয়েছেন আশুতোষ। হার্ভার্ড মেডিকেল স্কুল ও বোস্টন চিলড্রেনস হসপিটালের গবেষকদের সঙ্গে ছোট অণুভিত্তিক এবং প্রিসিশন ভ্যাকসিন উদ্ভাবনসংক্রান্ত গবেষণায় সহযোগিতা করেছেন। তাঁর পিএইচডি গবেষণা থেকে একাধিক পিয়ার-রিভিউড গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক সাময়িকী অর্গানিক লেটারস-এ প্রকাশিত গবেষণাপত্রও রয়েছে।

গবেষণাজীবনের অভিজ্ঞতা সম্পর্কে আশুতোষ বলেন, পিএইচডির প্রতিটি দিন সাফল্যে ভরা ছিল না। কোনো একটি বিক্রিয়া নিয়ে দিনের পর দিন কাজ করেও প্রত্যাশিত ফল না পাওয়া কিংবা সম্পূর্ণ ভিন্ন ফলাফল পাওয়াও গবেষণার স্বাভাবিক অংশ। এসব ব্যর্থতা তাঁকে ধৈর্য, সমস্যা সমাধান, স্বাধীনভাবে চিন্তা এবং ব্যর্থতার পর নতুন করে শুরু করার শিক্ষা দিয়েছে।

এবার লক্ষ্য নতুন ওষুধ উদ্ভাবন

চলতি মাসে ইউনিভার্সিটি অব হিউস্টনের কলেজ অব ফার্মেসিতে অধ্যাপক গ্রেগ কুনির গবেষণাগারে পিএইচডি-পরবর্তী গবেষক হিসেবে যোগ দিচ্ছেন আশুতোষ। নতুন কর্মক্ষেত্রে তাঁর গবেষণার পরিধিও আরও বিস্তৃত হবে।

এত দিন মূলত সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কাজ করলেও এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মেডিসিনাল কেমিস্ট্রি ও ওষুধ আবিষ্কারের গবেষণায় যুক্ত হবেন তিনি। জৈবিকভাবে সক্রিয় ক্ষুদ্র অণু ও ফার্মাকোলজিক্যাল প্রোবের নকশা, সংশ্লেষণ, বৈশিষ্ট্য নির্ণয় এবং কার্যকারিতা বাড়ানোর মতো বিষয় নিয়ে গবেষণা করবেন।

ভবিষ্যতে সিনথেটিক কেমিস্ট্রি ও মেডিসিনাল কেমিস্ট্রির সঙ্গে কম্পিউটেশনাল মডেলিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করে আরও বড় পরিসরে গবেষণা করতে চান আশুতোষ। তাঁর লক্ষ্য মানুষের চিকিৎসায় নতুন ও কার্যকর ওষুধ উদ্ভাবনের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখা।

একসময় পড়াশোনার খরচ জোগাতে কম্পিউটারের দোকানে কাজ করা কিংবা অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করা আশুতোষ নাথের পথচলা তাই আজ পৌঁছেছে যুক্তরাষ্ট্রের আধুনিক ওষুধ গবেষণাগারে। তাঁর গল্প শুধু ব্যক্তিগত সাফল্যের নয়, বরং প্রতিকূলতার মধ্যেও উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন ধরে রাখার এক অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

হাসিমুখ

সিলেটে ব্রি ধান৯৮ জাতের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

সিলেটের বিশ্বনাথে আউশ মাঠে ব্রি ধান৯৮ জাতের সোনালী ফসলের শোভা দেখে ভালো ফলনের জন্য কৃষকরা খুবই আশাবাদি। এবার আউশের নতুন
হাসিমুখ

ময়মনসিংহ অঞ্চলে শুদ্ধাচার পুরস্কার পেলেন উপসহকারী কৃষি অফিসার আজহারুল ইসলাম

কৃতজ্ঞতা প্রকাশ: ২০২২-২৩ অর্থবছরে ময়মনসিংহ অঞ্চলের মধ্যে উপসহকারী কৃষি অফিসার হিসেবে আজহারুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার, আটপাড়া, নেত্রকোণাকে শুদ্ধাচার পুরস্কার