ঢাকা, ২২ আগস্ট ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিএ্যাব)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শনিবার ধানমন্ডিতে রুহুল কবির রিজভীর সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ডিএ্যাবের সভাপতি জিয়াউল হায়দার পলাশ ও মহাসচিব সৈয়দ জাহীদ হোসেনের নেতৃত্বে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল এতে অংশ নেয়।
সাক্ষাৎকালে ডিএ্যাব নেতৃবৃন্দ রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় ডিপ্লোমা কৃষিবিদদের বিভিন্ন দাবি-দাওয়া, দেশের কৃষি খাতের বর্তমান পরিস্থিতি এবং সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।
রুহুল কবির রিজভী ডিএ্যাব নেতৃবৃন্দকে শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে দেশের কৃষি ব্যবস্থার উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ডিপ্লোমা কৃষিবিদদের ভূমিকার প্রশংসা করেন।
তিনি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কৃষিভিত্তিক অর্থনীতির উন্নয়ন এবং ডিপ্লোমা কৃষিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে ডিএ্যাবের কেন্দ্রীয় কমিটির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ডিপ্লোমা কৃষিবিদরা উপস্থিত ছিলেন।

