চাষাবাদ ডেস্ক:
শেরপুরে সরকারি সার বিক্রিতে অনিয়ম ও কালোবাজারির অভিযোগে ২০ জন ডিলার ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা করার পর নিরাপত্তা ঝুঁকিতে থাকার অভিযোগ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আনোয়ার হোসেন। তিনি দাবি করেছেন, মামলা দায়েরের পর বিভিন্ন মহলের চাপ, হয়রানি ও হুমকির মুখে পড়েছেন।
জানা গেছে, গত ২২ জুলাই শেরপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় ১৫ জন সার ডিলার এবং তাদের পাঁচ সহযোগীকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিপুল পরিমাণ সরকারি সার অবৈধভাবে পাচার ও কালোবাজারে বিক্রি করা হয়েছে। এতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয় এবং কৃষকদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনতে বাধ্য হতে হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, প্রায় ১১ কোটি ৯১ লাখ টাকার ৪,৪১২ টন ইউরিয়া, ১ কোটি ৭২ লাখ টাকার ৮২১ টন ডিএপি, ৩৬ লাখ টাকার ১৩৪ টন টিএসপি এবং ৩৪ লাখ টাকার ১৭২ টন এমওপি সার অনিয়মের মাধ্যমে বাজারজাত করা হয়েছে। মোট অভিযোগের আর্থিক পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সার পাচারের অভিযোগ পাওয়ার পর তিনি ডিলারদের বিক্রয় রেজিস্টার, ভাউচার ও অন্যান্য নথি সংগ্রহ করে যাচাই-বাছাই করেন। তদন্তে একাধিক ডিলারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ার পর তিনি মামলা দায়ের করেন।
মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে আনোয়ার হোসেন লিখেছেন, গত এক মাস তার জন্য “নরকের মতো” কেটেছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন মহলের চাপের পাশাপাশি নিজ দপ্তরের কিছু কর্মকর্তার বিরূপ আচরণেরও শিকার হয়েছেন। মাত্র ২০ দিনের মধ্যে তাকে আটবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে ঘুষ দাবি ও অসদাচরণের অভিযোগও আনা হয়েছে, যা তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রের স্বার্থ ও কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করার দায়িত্ব থেকেই তিনি আইনগত ব্যবস্থা নিয়েছেন। তবে এর কারণে তিনি বর্তমানে ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও শঙ্কিত।
অন্যদিকে, শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাখাওয়াত হোসেন বলেন, আনোয়ার হোসেন তাদের কাছে একটি আংশিক প্রতিবেদন জমা দিয়েছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার জন্য পাঠানো হয়েছিল। তবে নির্দেশনা পাওয়ার আগে এবং মাঠপর্যায়ে পূর্ণাঙ্গ যাচাই শেষ হওয়ার আগেই মামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তার ভাষ্য, মামলা করার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে তাদের ধারণা। বিষয়টি বর্তমানে তদন্তাধীন থাকায় এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।
এদিকে, কৃষি খাতে সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রশ্নে ঘটনাটি কৃষি প্রশাসন এবং সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

