চলমান কৃষি দেশদেশান্তর

হবিগঞ্জে উপসহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ, দুই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দায়িত্ব পালনরত এক উপসহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই বিএনপি নেতার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নুরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে। হামলার শিকার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন (৩৪) নুরপুর ইউনিয়নের কৃষি ব্লকের দায়িত্বে কর্মরত ছিলেন।

অভিযোগে বলা হয়েছে, নুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ইংরেজ মেম্বার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ (কনাই মিয়া)-এর নেতৃত্বে তাকে ইউনিয়ন পরিষদে ডেকে নেওয়া হয়। সেখানে তার ওপর অতর্কিত হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ বলেন, নুরপুর ইউনিয়নে দায়িত্ব পালনরত উপসহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি আদালতে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত দুই বিএনপি নেতার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

চলমান কৃষি

ইরির তত্ত্বাবধানে খাগড়াছড়িতে উচ্চ ফলনশীল ধানের বাম্পার ফলন

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার পাকিজাছড়ি গ্রামে এবং সদর উপজেলার ভূয়াছড়ির নতুন বাজার গ্রামে আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ইরি) তত্ত্বাবধানে কম সময়ে
চলমান কৃষি

সিলেটের বিশ্বনাথে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প’র আওতায় ৩ দিনব্যাপী (৮-১০ মে) কৃষি