নিজস্ব প্রতিবেদক: দেশের কৃষি ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে সরকারের গৃহীত উদ্যোগকে স্বাগত জানিয়ে পূর্ণ সমর্থন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোকে (এটিআই) কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত করার উদ্যোগকে কৃষি শিক্ষার উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কৃষি ডিপ্লোমা শিক্ষা কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছে সংগঠনটি।
বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের মতে, দেশের সরকারি ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে (এটিআই) কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় অন্তর্ভুক্ত করার সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ কৃষি ডিপ্লোমা শিক্ষার ইতিহাসে একটি সময়োপযোগী, ইতিবাচক ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি ডিপ্লোমা শিক্ষা আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর, কর্মমুখী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাব্যবস্থায় রূপান্তরিত হবে।

সংগঠনটি আরও উল্লেখ করে, এর মাধ্যমে দেশের কৃষি খাতের জন্য দক্ষ, যোগ্য ও প্রতিযোগিতামূলক মানবসম্পদ গড়ে তোলা সহজ হবে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে ডিপ্লোমা কৃষিবিদদের কার্যকর অবদান আরও জোরদার হবে।
বিবৃতিতে দেশের সকল কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী এবং কর্মরত ডিপ্লোমা কৃষিবিদদের পক্ষ থেকে এই উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সংগঠনটির বিশ্বাস, সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় উদ্যোগটি বাস্তবায়িত হলে দেশের কৃষি শিক্ষা আন্তর্জাতিক মানে উন্নীত হবে এবং দক্ষ কৃষি মানবসম্পদ তৈরির নতুন দিগন্ত উন্মোচিত হবে।
একই সঙ্গে কৃষি ও কৃষকের বৃহত্তর স্বার্থে সরকারি ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে দ্রুত কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুছা প্রধান হামজা এবং সাধারণ সম্পাদক মো. মুন্তাসির রহমান স্বাক্ষরিত বিবৃতিতে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন কৃষি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

