হাসিমুখ

সেলিম রেজা: শস্য হাসপাতালের মাধ্যমে গড়েছেন কৃষি সেবার নতুন দিগন্ত

।। এ. কে. আজাদ ফাহিম ।।

সকালের নরম আলো তখন ধানক্ষেতের ওপর ছড়িয়ে পড়ছে। হাতে রোগাক্রান্ত গাছের পাতা নিয়ে কয়েকজন কৃষক ভিড় করেছেন একটি ছোট কক্ষে। সেখানে মাইক্রোস্কোপে ফসলের রোগ পর্যবেক্ষণ করছেন একজন মানুষ। কৃষকের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে তিনি পরামর্শ দিচ্ছেন, কখন কী প্রয়োগ করতে হবে, কীভাবে ক্ষতি কমানো সম্ভব। তিনি ডিপ্লোমা কৃষিবিদ মোঃ সেলিম রেজা।

ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে বর্তমানে কর্মরত আছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি হয়ে উঠেছেন কৃষকের নির্ভরতার প্রতীক। কৃষিকে তিনি কখনো শুধু চাকরি হিসেবে দেখেননি; বরং মানুষের জীবন বদলের মাধ্যম হিসেবেই গ্রহণ করেছেন। কৃষির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো রোগ নির্ণয়। যেখানে ফসল বা উদ্ভিদ তার সমস্যার কথা ভাষায় প্রকাশ করতে পারে না। মানুষের রোগ নির্ণয়ে যেমন চিকিৎসক প্রশ্ন করেন কিংবা পরীক্ষা-নিরীক্ষা করা হয়, কৃষিক্ষেত্রে তেমন সরাসরি কোনো সুযোগ নেই। উদ্ভিদের রোগ, পুষ্টিহীনতা বা পরিবেশগত সমস্যাগুলো শনাক্ত করতে হয় সূক্ষ্ম পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে। এই জটিল বাস্তবতাকে সহজতর করতে সেলিম রেজা নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠা করেন আধুনিক “প্ল্যান্ট ডায়াগনস্টিক সেন্টার ও শস্য হাসপাতাল”।

এই উদ্যোগ শুধু একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয়; এটি কৃষকের জন্য একটি আশ্রয়স্থল হয়ে ওঠে। এখানে কৃষকেরা নিয়ে আসেন আক্রান্ত গাছ, মাটির নমুনা কিংবা বীজ। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগ শনাক্ত করে দেওয়া হয় কার্যকর পরামর্শ। ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, ইউএসবি ডিজিটাল মাইক্রোস্কোপ, ডিজিটাল পিএইচ মিটার, আর্দ্রতা নির্ণায়ক যন্ত্র এবং ফলের ব্রিক্স মান পরীক্ষার সরঞ্জামসহ নানা প্রযুক্তি ব্যবহার করে এই কেন্দ্র পরিচালিত হচ্ছে। তার এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ দেখতে ইতোমধ্যে এসেছেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রায় পনেরো হাজার কৃষক-কৃষাণী এখান থেকে সরাসরি সেবা পেয়েছেন।

পরিবেশবান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থা CABI পরিচালিত “প্ল্যান্ট ডক্টর ক্লিনিক” কার্যক্রমে বাংলাদেশে প্রথম দিকের নির্বাচিত প্ল্যান্ট ডক্টরদের একজন ছিলেন সেলিম রেজা। কৃষকের সমস্যা নিরূপণ ও কম খরচে অধিক ফলন নিশ্চিত করতে তার কার্যক্রম ছিল অত্যন্ত প্রশংসনীয়। এশিয়া অঞ্চলের আবাসিক প্রতিনিধি ড. মালবিকা চৌধুরী তার প্ল্যান্ট ডক্টর ক্লিনিক ও শস্য হাসপাতাল পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন।

কৃষির প্রতি গভীর ভালোবাসা ও আত্মনিবেদনের পাশাপাশি শিক্ষার প্রতিও ছিল তাঁর অদম্য আগ্রহ। চাকরিজীবনের নানা প্রতিকূলতা সত্ত্বেও কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিজ খরচে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বি.এজি.এড ডিগ্রি এবং American World University, California, USA (Study Center Bangladesh) থেকে এম.এসসি ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনে তিনি দুইবার জাতীয় কৃষি পুরস্কার, প্রযুক্তি সম্প্রসারণে বিভাগীয় জাতীয় পুরস্কার, বিভাগীয় ইনোভেশন পুরস্কারসহ মোট ২১টি সম্মাননা অর্জন করেছেন। তার প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কাজের স্বীকৃতিস্বরূপ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে ১০ দিনের বিদেশ সফরেও (ফিলিপাইন) পাঠিয়েছিল।

তবে সাফল্যের আড়ালেও রয়েছে এক বেদনাদায়ক বাস্তবতা। দীর্ঘ চাকরিজীবনে নিয়মিত পদোন্নতির সুযোগ থেকে তিনি বঞ্চিত হয়েছেন। জীবনের শেষ পর্যায়ে এসে চলতি দায়িত্বে পদোন্নতি পেলেও সময় খুব বেশি বাকি নেই। তবুও কোনো আক্ষেপ তাকে থামাতে পারেনি। এই বাস্তবতা দেশের মাঠপর্যায়ের ডিপ্লোমা কৃষিবিদদের দীর্ঘদিনের কাঠামোগত সীমাবদ্ধতার কথাই স্মরণ করিয়ে দেয়।  সাদামাটা জীবনযাপন, গভীর মানবিকতা, সততা ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছেন এক অসাধারণ ব্যক্তিত্ব। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (ডিকেআইবি)-এর ময়মনসিংহ অঞ্চলের নির্বাচনে তাঁকে একাধিকবার প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়। তার দক্ষ নেতৃত্বে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন সম্পন্ন হয়।

সেলিম রেজা সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী একজন মানুষও। ছাত্রজীবনে ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর লেখা “চাষী আবুল হাশেমের সুখ”, “রাহেলার সংসার”, “সুখ তুমি কার সাথী”, “বাড়ি হবে খামার”সহ বিভিন্ন কৃষিভিত্তিক রচনা ও কবিতা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। বৃক্ষের গুরুত্ব ও পরিবেশগত অবদান নিয়ে তিনি একটি ছোট বইও প্রকাশ করেছেন। কৃষিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ক্ষতি এবং জৈব কৃষির প্রসারে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি শুধু একজন কৃষি কর্মকর্তা নন; তিনি কৃষকের বন্ধু, প্রযুক্তির দূত এবং মাঠপর্যায়ের কৃষি সেবা প্রসারের এক বাতিঘর।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

হাসিমুখ

সিলেটে ব্রি ধান৯৮ জাতের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

সিলেটের বিশ্বনাথে আউশ মাঠে ব্রি ধান৯৮ জাতের সোনালী ফসলের শোভা দেখে ভালো ফলনের জন্য কৃষকরা খুবই আশাবাদি। এবার আউশের নতুন
হাসিমুখ

ময়মনসিংহ অঞ্চলে শুদ্ধাচার পুরস্কার পেলেন উপসহকারী কৃষি অফিসার আজহারুল ইসলাম

কৃতজ্ঞতা প্রকাশ: ২০২২-২৩ অর্থবছরে ময়মনসিংহ অঞ্চলের মধ্যে উপসহকারী কৃষি অফিসার হিসেবে আজহারুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার, আটপাড়া, নেত্রকোণাকে শুদ্ধাচার পুরস্কার