ঢাকা, ২২ মে: ভূ-অবস্থানভিত্তিক তথ্য বিশ্লেষণ, গ্রহবিজ্ঞান এবং মহাকাশ প্রযুক্তি গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে রাজধানীতে উদ্বোধন করা হয়েছে একটি আধুনিক গবেষণা কেন্দ্র। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এডাস্টে “এডাস্ট সেন্টার ফর জিওস্পেশাল ইন্টেলিজেন্স, প্ল্যানেটারি সায়েন্স অ্যান্ড স্পেস সিস্টেমস” নামের এই গবেষণা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে।
উদ্বোধন করেন সাবেক বিজ্ঞান ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ। তাঁর মতে, বন্যা, দুর্যোগ ও অপরাধপ্রবণ এলাকার তথ্য বিশ্লেষণে জিওস্পেশাল গবেষণা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবনির্মিত এই কেন্দ্র স্যাটেলাইট ডেটা ও ভৌগোলিক মানচিত্র ব্যবহার করে দুর্যোগ পূর্বাভাস, স্মার্ট নগর পরিকল্পনা, আধুনিক কৃষি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণে কাজ করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইমাদুর রহমান। তিনি স্যাটেলাইট প্রযুক্তি ও জিওস্পেশাল ডেটার ব্যবহার এবং মহাকাশভিত্তিক গবেষণার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি-এর স্কুল অব আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস-এর পরিচালক ড. মার্টিন ভ্যান ক্রানেনডক, উপ-পরিচালক ড. ক্যাটারিনা মিলকোভিক এবং গবেষণা পরিচালক ড. আশরাফ দেওয়ান। তারা আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা ও আধুনিক প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন। তিনি বলেন, গবেষণামুখী কার্যক্রম সম্প্রসারণে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, কার্টিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এডাস্টের সহযোগিতা শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান লিটু, সদস্য কামরুন নেহার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের উপদেষ্টা, শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও গণমাধ্যম কর্মীরা। উদ্বোধন শেষে অতিথিরা নতুন গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন এবং গবেষণা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

