♦ খরচ কমবে ৮০ শতাংশ ♦ বাঁচবে কোটি জীবন
ক্যানসার শনাক্তে বিশ্বজুড়ে নতুন আশার আলো জ্বালিয়েছেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী ড. আবু আলী ইবনে সিনা। তাঁর উদ্ভাবিত একটি ডিভাইস মাত্র ১০ মিনিটেই ক্যানসার শনাক্ত করতে সক্ষম, যা চিকিৎসা জগতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।
ডিভাইসটি ইতোমধ্যেই সীমিত পরিসরে সফল ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছে এবং বর্তমানে বৃহৎ পরিসরে ট্রায়ালের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি শীর্ষ প্রতিষ্ঠান এর বাণিজ্যিক উৎপাদন শুরু করার প্রক্রিয়ায় রয়েছে।
চাঁদপুরের বাবুরহাটের সন্তান ড. আবু আলী ইবনে সিনা সংবাদ মাধ্যমকে বলেন,
“এ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এটি অত্যন্ত সুলভমূল্যের এবং প্রক্রিয়াটি খুব সহজ। যেকোনো সাধারণ ক্লিনিকেও এটি ব্যবহার করা সম্ভব হবে। ফলে পরীক্ষার খরচ কমবে প্রায় ৮০ শতাংশ।”
এই ডিভাইসের পরীক্ষায় এক ধরনের বিশেষ রঙ পরিবর্তনকারী তরল ব্যবহার করা হয়। দেহের যে কোনো স্থানে ক্যানসার আক্রান্ত কোষ থাকলে তা রঙ পরিবর্তনের মাধ্যমে ১০ মিনিটেই ফলাফল জানায়।
এই উদ্ভাবনের ফলে ক্যানসার শনাক্তকরণ আরও দ্রুত, সহজ ও জনসাধারণের নাগালে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গবেষক।
বর্তমানে ড. সিনা অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (UNSW)-এর বায়োমেডিকেল সায়েন্স বিভাগে সিনিয়র লেকচারার ও গবেষক হিসেবে কর্মরত। এই বিশ্ববিদ্যালয়েই তাঁর নামে প্রতিষ্ঠিত “Sina Lab”, যেখানে বিভিন্ন দেশের গবেষকরা তাঁর তত্ত্বাবধানে কাজ করছেন।
তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর শেষে শিক্ষকতা করেন এবং পরবর্তীতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. সিনা জানান,
“আমাদের প্রযুক্তি নিয়ে ইতিমধ্যেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি বড় প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে। তারা কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। আশা করছি, এক থেকে দেড় বছরের মধ্যেই এটি বাজারে পাওয়া যাবে। এতে বিশ্বজুড়েই কোটি মানুষের জীবন রক্ষা সম্ভব হবে।”
বিশেষজ্ঞদের মতে, ক্যানসার যদি প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা যায়, তাহলে অধিকাংশ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। ড. আবু আলী ইবনে সিনার এই উদ্ভাবন সেই পথকেই আরও সহজ, সাশ্রয়ী ও দ্রুতগামী করে তুলবে।
