চাষাবাদ ডটকম ডেস্ক:
ডিপ্লোমা কৃষিবিদদের উচ্চশিক্ষার সুযোগসহ ৮ দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা।
রোববার (৬ এপ্রিল) সকাল থেকে বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায় অবস্থিত নোয়াখালী এটিআই ক্যাম্পাসে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্তে অনড় থাকবেন বলে জানান।
শিক্ষার্থীদের ৮ দফা দাবি হলো—
১. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা।
২. উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে গেজেটভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা।
৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ।
৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীন থেকে সরিয়ে কৃষি মন্ত্রণালয়ের অধীন স্বতন্ত্র প্রতিষ্ঠানে রূপান্তর।
৫. সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি কেবল ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত রাখা।
৬. বেসরকারি চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা কৃষিবিদদের ন্যূনতম দশম গ্রেডে বেতন নির্ধারণ।
৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য মাঠ সংযুক্তি ভাতা চালু করা।
৮. উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য চাকরিতে প্রবেশের পর ছয় মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা।
আন্দোলনের প্রেক্ষাপট:
কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন শামীম বলেন, “সারা দেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা বহুদিন ধরে উচ্চশিক্ষার সুযোগসহ নানা অধিকার থেকে বঞ্চিত। এজন্য দীর্ঘদিন ধরে আন্দোলন ও বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। ফলে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা চালিয়ে যাচ্ছি।”
কর্মসূচিতে নোয়াখালী এটিআই-এর ভিপি রায়হান খান, প্রতিনিধি আবদুল হান্নান হৃদয়সহ পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।

