ঢাকা শহর উচ্চ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। সঠিক প্রস্তুতি ও করণীয় সম্পর্কে জানা থাকলে জীবন ও সম্পদের ক্ষতি কমানো সম্ভব। চাষাবাদ ডটকম আপনাদের জন্য বাস্তবসম্মত নির্দেশিকা তুলে ধরছে:
ভূমিকম্পের সময় করণীয়
ঘরের ভেতরে থাকলে:
- আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় কাজ করুন।
- মজবুত টেবিল, ডেস্ক বা আসবাবের নিচে আশ্রয় নিন এবং মাথা ও ঘাড় ঢেকে রাখুন।
- জানালা, দেয়াল, শো-কেস, ফ্রিজ ও ভারী আসবাবপত্র থেকে দূরে থাকুন।
- রান্নাঘরে থাকলে গ্যাস চুলা বন্ধ করে নিরাপদ স্থানে চলে যান।
- পিলার, বিম ও কলামের কাছাকাছি থাকুন, এগুলো তুলনামূলকভাবে নিরাপদ।
- লিফট ব্যবহার করবেন না, কম্পন থামলে সিঁড়ি ব্যবহার করে বেরিয়ে যান।
স্কুল, অফিস বা কারখানায় থাকলে:
- স্কুলব্যাগ বা যে কোনো শক্ত জিনিস দিয়ে মাথা ঢেকে শক্ত বেঞ্চ বা টেবিলের নিচে আশ্রয় নিন।
- দরজার সামনে ভিড় বা ধাক্কাধাক্কি করবেন না।
- বড় ভবনে থাকলে জরুরি বহির্গমন পথ চিহ্নিত করে রাখুন এবং কম্পন বন্ধ হলে দ্রুত সরে যান।
বাইরে থাকলে:
- উঁচু ভবন, গাছ, বৈদ্যুতিক খুঁটি, বিলবোর্ড ও কাচের জানালার কাছ থেকে দূরে থাকুন।
- নিরাপদ খোলা স্থানে আশ্রয় নিন।
- বহুতল ভবন থেকে পড়ে আসা কাচ বা ধ্বংসাবশেষ থেকে সতর্ক থাকুন।
গাড়িতে থাকলে:
- উড়ালসড়ক, পদচারী সেতু, গাছ ও বৈদ্যুতিক খুঁটির কাছ থেকে দূরে গাড়ি থামান।
- ভূকম্পন বন্ধ না হওয়া পর্যন্ত গাড়ির ভেতরেই থাকুন।
ধ্বংসস্তূপের নিচে আটকে গেলে:
- অযথা নড়াচড়া করবেন না, এতে ধুলাবালি শ্বাসনালিতে প্রবেশ করতে পারে।
- কাপড় বা হাত দিয়ে মুখ ঢেকে রাখুন।
- ধৈর্য ধরুন ও সাহায্যের জন্য সংকেত দিন।
ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি:
- পরিবারের সদস্যদের ভূমিকম্প মোকাবিলার পরিকল্পনা শেখান।
- বাসা ও অফিসে জরুরি বহির্গমন পথ ঠিক করে রাখুন।
- প্রথমিক চিকিৎসা বাক্স, টর্চলাইট, পানি ও শুকনো খাবার সংরক্ষণ করুন।
- বাড়ির কাঠামো ভূমিকম্প সহনশীল কিনা পরীক্ষা করুন।
- স্থানীয় উদ্ধার ও সহায়তা নম্বর সংরক্ষণ করুন।
সতর্কতা ও প্রস্তুতি জীবন বাঁচাতে পারে। আল্লাহ আমাদের দেশকে নিরাপদ রাখুন।

