সম্প্রতি বাংলাদেশ সরকার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে, যা সরকারি কর্মচারীদের চাকরিচ্যুতি সংক্রান্ত বিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। তবে এই আইনটি নিয়ে ইতোমধ্যেই বিস্তর বিতর্ক সৃষ্টি হয়েছে। আলোচনার কেন্দ্রে রয়েছে এর যথাযথ প্রয়োগ, কর্মচারীদের নিরাপত্তা, ও প্রশাসনিক ভারসাম্য—যা নাগরিকদের অধিকার ও রাষ্ট্রীয় সেবার মানদণ্ডে সরাসরি প্রভাব ফেলে।
অনেকের আশঙ্কা, এই সংশোধিত আইন একদিকে যেমন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জন্য রক্ষাকবচ হয়ে উঠতে পারে, অন্যদিকে সৎ ও ন্যায়নিষ্ঠ কর্মচারীদের হয়রানির সুযোগও সৃষ্টি করতে পারে। বাস্তবতার আলোকে তাই এ আইনটিকে জনগণের কল্যাণে ব্যবহারযোগ্য করে তুলতে হলে কিছু গুরুত্বপূর্ণ দিক অবশ্যই সংশোধনের জন্য বিবেচনায় আনা উচিত।
সদ্য গঠিত পর্যালোচনা কমিটি, যার আহ্বায়ক হয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক উদ্যোগ। আমরা আশা করি, এই কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের মতামত গ্রহণ করে একটি সুচিন্তিত, গণমুখী ও বাস্তবভিত্তিক সুপারিশমালা প্রস্তুত করবে।
যেসব অপরাধে সরাসরি চাকরিচ্যুতির বিধান থাকা উচিত:
১. ঘুষ গ্রহণ ও প্রদা
সরকারি চাকরি একটি মহান দায়িত্ব। ঘুষ লেনদেন শুধু রাষ্ট্রীয় নৈতিকতাকেই ধ্বংস করে না, জনগণের আস্থা হারিয়ে দেয়। এ ধরনের অনৈতিক কার্যক্রমে যুক্তদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে সরাসরি চাকরিচ্যুতির বিধান থাকা আবশ্যক।
২. দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার:
সরকারি দপ্তরে কর্মরত কেউ যদি আর্থিক বা প্রশাসনিক সুবিধার অপব্যবহার করে দুর্নীতিতে লিপ্ত হন, তা হলে তাকে অনতিবিলম্বে চাকরি থেকে অপসারণের সুস্পষ্ট বিধান থাকা প্রয়োজন। এতে করে রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষিত থাকবে এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
৩. রাজনৈতিক লেজুড়বৃত্তি ও পক্ষপাতদুষ্ট আচরণ:
সরকারি কর্মচারীর প্রধান পরিচয় হওয়া উচিত ‘রাষ্ট্রের সেবক’—কোনো রাজনৈতিক দলের নয়। কিন্তু বর্তমানে অনেকেই ‘বঙ্গবন্ধু পরিষদ’, ‘জিয়া পরিষদ’ ইত্যাদি রাজনৈতিক প্ল্যাটফর্মে সক্রিয় হয়ে পড়েন। এতে প্রশাসনে পক্ষপাতিত্ব, গোপনীয়তা লঙ্ঘন এবং সেবার মান ক্ষতিগ্রস্ত হয়। চাকরিতে যোগদানের পরও কেউ যদি রাজনৈতিকভাবে সক্রিয় থাকেন, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে চাকরিচ্যুত করার বিধান থাকা জরুরি।
সতর্কতা ও ভারসাম্য রক্ষা:
তবে কঠোর ব্যবস্থার পাশাপাশি এমন সুরক্ষাও থাকা প্রয়োজন, যাতে নিরীহ, নিরপেক্ষ ও কর্মনিষ্ঠ কর্মচারীরা হয়রানির শিকার না হন। প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত, যথাযথ প্রমাণ, এবং ন্যায়সংগত বিচারই হতে হবে চাকরিচ্যুতি সিদ্ধান্তের ভিত্তি।
এই আইনটি এমনভাবে প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, যেন তা সৎ কর্মচারীদের অনুপ্রেরণা দেয় এবং দুর্নীতিবাজদের জন্য ভয়াবহ বার্তা হয়ে দাঁড়ায়। ন্যায়নিষ্ঠ ও দক্ষ প্রশাসন ছাড়া কোনো রাষ্ট্রই দীর্ঘমেয়াদে উন্নত ও সমৃদ্ধ হতে পারে না।
সরকার, প্রশাসন, এবং নাগরিক সমাজ—এই ত্রয়ী শক্তির সম্মিলিত প্রয়াসেই সম্ভব একটি গ্রহণযোগ্য, কার্যকর, এবং জনকল্যাণমুখী আইন বাস্তবায়ন করা।
আমরা বিশ্বাস করি, সময়োপযোগী, ন্যায়সঙ্গত ও সুসংহত সংশোধনই কেবল জনগণের আস্থা পুনরুদ্ধার করতে পারে এবং একটি দূর্নীতিমুক্ত, আধুনিক ও জনবান্ধব রাষ্ট্রীয় প্রশাসন গঠনে সহায়ক হবে।
লেখক: এ. কে. আজাদ ফাহিম
সচেতন নাগরিক ও কল্যাণকামী রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশী

