চলমান কৃষি

সবজির দৌড়ে এগিয়ে কাঁচকলা

দেশের শাকসবজি উৎপাদনে ইতিবাচক প্রবৃদ্ধির মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে কাঁচকলা। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, অন্যান্য সবজিকে ছাড়িয়ে উৎপাদন বৃদ্ধিতে শীর্ষে রয়েছে এই পুষ্টিকর সবজিটি। (বিবিএস)-এর ‘ত্রৈমাসিক শস্য পরিসংখ্যান ও কৃষিশ্রমিকের মজুরি’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে দেশে ২ লাখ ২৩ হাজার ৬৩১ মেট্রিক টন কাঁচকলা উৎপাদিত হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের ১ লাখ ৮৪ হাজার ৫১৫ টনের তুলনায় ৩৯ হাজার ১১৬ মেট্রিক টন বেশি। একই সময়ে আবাদি জমির পরিমাণ ২৮ হাজার ৯৫৭ একর থেকে বেড়ে ২৯ হাজার ২১১ একরে দাঁড়িয়েছে। ফলনও বেড়েছে উল্লেখযোগ্যভাবে; একরপ্রতি উৎপাদন ৬ দশমিক ৩৭ টন থেকে বেড়ে হয়েছে ৭ দশমিক ৬৫ টন।

কাঁচকলার পাশাপাশি অন্যান্য শাকসবজির উৎপাদনেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। চলতি অর্থবছরের একই সময়ে মিষ্টিকুমড়ার উৎপাদন দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার মেট্রিক টন, যা আগের বছরের তুলনায় ২৮ হাজার ৫২৭ টন বেশি। বরবটির উৎপাদন বেড়েছে ১৩ হাজার ২০৭ টন; মোট উৎপাদন হয়েছে ৫৬ হাজার ৪৪৯ টন। এছাড়া কলমিশাক, পাটশাক, কচুপাতা ও ধুন্দলসহ বিভিন্ন সবজির উৎপাদনও বেড়েছে। তবে এসবের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে কাঁচকলায়।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্যসচেতন মানুষের কাছে কাঁচকলার চাহিদা বাড়ার পাশাপাশি তুলনামূলক কম খরচে চাষ করা যায় এবং বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকরা এই ফসলের দিকে ঝুঁকছেন। ফলে কাঁচকলা বর্তমানে লাভজনক সবজি হিসেবে কৃষকদের কাছে গুরুত্ব পাচ্ছে।

এদিকে একই প্রতিবেদনে কৃষিশ্রমিকদের মজুরির ক্ষেত্রে নারী-পুরুষ বৈষম্যের চিত্রও উঠে এসেছে। গত ডিসেম্বর মাসে একজন পুরুষ কৃষিশ্রমিকের দৈনিক গড় মজুরি ছিল ৬২৫ টাকা, যেখানে একজন নারী শ্রমিক পেয়েছেন ৪৬২ টাকা, যা প্রায় ২৬ শতাংশ কম। খোরাকিসহ মজুরির ক্ষেত্রেও একই বৈষম্য দেখা গেছে; পুরুষ শ্রমিক পেয়েছেন ৫২৩ টাকা, আর নারী শ্রমিক পেয়েছেন ৩৮৫ টাকা। আগের মাসগুলোতেও প্রায় একই প্রবণতা দেখা গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, সবজি উৎপাদনে এই প্রবৃদ্ধি দেশের কৃষি খাতের জন্য ইতিবাচক হলেও শ্রমবাজারে মজুরিবৈষম্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ন্যায্য মজুরি নিশ্চিত করা গেলে কৃষি খাত আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক হবে।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

চলমান কৃষি

ইরির তত্ত্বাবধানে খাগড়াছড়িতে উচ্চ ফলনশীল ধানের বাম্পার ফলন

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার পাকিজাছড়ি গ্রামে এবং সদর উপজেলার ভূয়াছড়ির নতুন বাজার গ্রামে আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ইরি) তত্ত্বাবধানে কম সময়ে
চলমান কৃষি

সিলেটের বিশ্বনাথে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প’র আওতায় ৩ দিনব্যাপী (৮-১০ মে) কৃষি