ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার) : অতীশ দীপংকর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ADUST)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে “OBE, Curriculum Alignment and Accreditation Preparedness” শীর্ষক দিনব্যাপী কর্মশালা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সম্মানিত সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. এস. এম. কবির। তিনি Outcome-Based Education (OBE) প্রক্রিয়া, পাঠ্যক্রমের সঠিক সামঞ্জস্য (curriculum alignment) এবং অ্যাক্রেডিটেশন প্রস্তুতির গুরুত্ব ও প্রয়োগ নিয়ে বিশদ আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। তিনি তাঁর বক্তব্যে আধুনিক উচ্চশিক্ষার মানোন্নয়নে OBE-ভিত্তিক কারিকুলামের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, যুগোপযোগী ও মানসম্মত পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দক্ষ ও মানবিক মানবসম্পদ তৈরি করা সম্ভব। এ লক্ষ্যে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং IQAC টিমকে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান।
কর্মশালার সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. মোঃ মোশাররফ হোসেন। তিনি অংশগ্রহণকারী শিক্ষক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালা Outcome-Based Education সম্পর্কে শিক্ষকদের সচেতনতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখবে।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে মতবিনিময় করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক জনাব মাজিদ ইশতিয়াক আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (অ্যাক্রেডিটেশন) অধ্যাপক নাসীর উদ্দীন আহাম্মেদ, এডাস্ট-এর রেজিস্ট্রার জনাব আবদুল কাইউম সরদারসহ বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

