অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ‘New Media & Digital Culture’ শীর্ষক সেমিনারে বক্তারা
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে “New Media & Digital Culture” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন।
সেমিনারে নিউ মিডিয়ার প্রভাব, ডিজিটাল সংস্কৃতি, দায়িত্বশীল কনটেন্ট নির্মাণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু বলেন, “নিউ মিডিয়া তরুণদের জন্য অসীম সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে এই প্ল্যাটফর্ম ব্যবহারে দায়িত্বশীলতা ও ইতিবাচক মানসিকতা বজায় রাখতে হবে।”
মূল বক্তা সালাহউদ্দিন সুমন তার বক্তব্যে বলেন, “সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের জায়গা নয়, এটি এখন মানুষের মতপ্রকাশ, সচেতনতা সৃষ্টি এবং ইতিবাচক পরিবর্তনের শক্তিশালী মাধ্যম।” তিনি তরুণদের সৃজনশীল ও দায়িত্বশীল কনটেন্ট নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।
জাগো ফাউন্ডেশনের প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আসিফ মাহামুদ বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তরুণদের প্রযুক্তিকে মানবিক ও সামাজিক উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে।”
অনুষ্ঠানের শেষপর্বে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা আলমগীর স্বপন বলেন, “বর্তমান ডিজিটাল বাস্তবতায় শুধু প্রযুক্তিগত দক্ষতা যথেষ্ট নয়; নৈতিকতা ও সমালোচনামূলক চিন্তার চর্চাও সমান গুরুত্বপূর্ণ।”
সেমিনারের শুরুতে বিভাগের কো-অর্ডিনেটর ও প্রভাষক জোবায়ের আহমেদ অতিথিদের স্বাগত জানান। তিনি বলেন, সাংবাদিকতা ও গণযোগাযোগের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল মিডিয়া সম্পর্কে গভীর জ্ঞান ও নৈতিক চর্চা এখন সময়ের দাবি।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, পরিচালক (অর্থ) সৈয়দা সারাহ আনওয়ার, জার্নালিজম বিভাগের প্রভাষক কেয়া বোস ও ফরহাদ আলমসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

