এ. কে. আজাদ ফাহিম
করোনা মহামারির সময় যখন মানুষ ঘরবন্দি, তখন অনেকেই হতাশায় সময় কাটিয়েছেন। কিন্তু কুমিল্লার বরুড়া উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান স্বপন সেই সময়টিকেই সুযোগ হিসেবে গ্রহণ করেন। তিনি ভাবলেন, কৃষকের কাছে যদি সরাসরি যাওয়া না যায়, তাহলে প্রযুক্তির মাধ্যমেই পৌঁছাতে হবে। এই ভাবনা থেকেই যাত্রা শুরু “Krishitei Bishmoy কৃষিতেই বিস্ময়” ইউটিউব চ্যানেলের। প্রথম দিকে সীমিত সরঞ্জাম ও ব্যক্তিগত প্রচেষ্টায় ভিডিও তৈরি করলেও ধীরে ধীরে তার কনটেন্ট কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। সহজ ভাষা, বাস্তবভিত্তিক তথ্য এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা তাকে স্বতন্ত্র পরিচিতি এনে দেয়।
বর্তমানে তার ইউটিউব চ্যানেলে দেড় হাজারেরও বেশি কৃষিভিত্তিক ভিডিও রয়েছে। ফল ও ফসল চাষ, রোগ-পোকা দমন, জৈব কৃষি, ছাদবাগান, নিরাপদ খাদ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত বিস্তারিত বিষয় তুলে ধরা হয়েছে সেখানে। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এক লক্ষ চুরাশি হাজারের বেশি এবং ভিডিওগুলো কোটি কোটি বার দেখা হয়েছে। অসংখ্য তরুণ উদ্যোক্তা তার ভিডিও দেখে কৃষিভিত্তিক খামার গড়ে তুলেছেন। কৃষিভিত্তিক মানসম্মত কন্টেন্ট তৈরির স্বীকৃতিস্বরূপ তাঁর “Krishitei Bishmoy কৃষিতেই বিস্ময়” ইউটিউব চ্যানেল অর্জন করেছে সম্মানজনক “সিলভার প্লে বাটন”।
ইউটিউবের পাশাপাশি ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামেও তিনি নিয়মিত কৃষি বিষয়ক কনটেন্ট প্রকাশ করছেন। তার ফেসবুক অনুসারীর সংখ্যা তিন লক্ষের বেশি। গত কয়েক মাসে তিনি হাজার হাজার কৃষি প্রযুক্তিভিত্তিক ভিডিও রিলস তৈরি করেছেন। মনিরুজ্জামান স্বপনের সবচেয়ে বড় শক্তি হলো কৃষকের সঙ্গে তার আন্তরিক সংযোগ। প্রতি শুক্রবার ও শনিবার সন্ধ্যায় তিনি তার পাঁচটি ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে লাইভ অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা সরাসরি তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং তিনি তাৎক্ষণিকভাবে বাস্তবসম্মত সমাধান প্রদান করেন। এছাড়াও তিনি বিভিন্ন বাজার ও গ্রামীণ এলাকায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কৃষিভিত্তিক ভিডিও প্রদর্শন করে কৃষকদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করে তুলছেন।
পেশাগত জীবনেও তিনি অত্যন্ত সফল ও দায়িত্বশীল একজন কর্মকর্তা। চাঁদপুর সদর উপজেলায় কর্মরত অবস্থায় তার কর্তব্যপরায়ণতা, সততা ও কৃষকবান্ধব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় কৃষি পদকসহ মোট ২০টি পুরস্কার অর্জন করেন। এর মধ্যে রয়েছে ১১টি জাতীয় ও ৯টি আঞ্চলিক পুরস্কার। কৃষি প্রযুক্তি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি চীন সফর করেন এবং তার কৃষক প্রতিনিধি দল ভিয়েতনামেও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয়।
একজন ডিপ্লোমা কৃষিবিদ হিসেবে কৃষি ও কৃষকের উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টা আজ সারাদেশের ডিপ্লোমা কৃষিবিদদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। তাঁর সাফল্য দেখে দেশের অনেক উপসহকারী কৃষি কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষিভিত্তিক কন্টেন্ট তৈরি ও প্রচারে উৎসাহিত হচ্ছেন। কৃষিকে ভালোবেসে, কৃষকের পাশে থেকে এবং প্রযুক্তিকে হাতিয়ার করে তিনি যে আলোকবর্তিকা প্রজ্জ্বলিত করেছেন, তা আগামী দিনের কৃষি উন্নয়নের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।

