চলমান কৃষি

পার্টনার কংগ্রেস ২০২৬: আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কোম্পানীগঞ্জে কৃষকদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আধুনিক, জলবায়ু সহনশীল ও পুষ্টিসমৃদ্ধ কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের মূল পর্ব শেষে অংশগ্রহণকারী কৃষকদের জন্য একটি বিশেষ কারিগরি প্রশিক্ষণ সেশনও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), নোয়াখালীর উপপরিচালক কৃষিবিদ আশিষ কুমার কর। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. বেলাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নোয়াখালীর অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মো. নজরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা প্রভা নন্দী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তাজ উদ্দিন সম্রাট।

বক্তারা বলেন, পার্টনার (Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience) প্রকল্প দেশের কৃষি খাতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে। প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির কাজ করা হচ্ছে।

তারা আরও বলেন, এ কংগ্রেসের মূল উদ্দেশ্য হলো মাঠপর্যায়ের পিএপিএস (PAPS) ও নন-পিএপিএস কৃষাণ-কৃষাণীদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তির বার্তা পৌঁছে দেওয়া, তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা এবং সফলতার অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একটি কার্যকর সমন্বয় প্ল্যাটফর্ম গড়ে তোলা।

মূল আলোচনা শেষে অনুষ্ঠিত কারিগরি প্রশিক্ষণ সেশনে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, ফসলের রোগবালাই ব্যবস্থাপনা, পুষ্টিবাগান স্থাপন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোরঞ্জন রায় এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আকরাম উদ্দিন, উপজেলার বিভিন্ন কৃষি ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১০০ জন অগ্রগামী পিএপিএস ও নন-পিএপিএসভুক্ত কৃষাণ-কৃষাণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সমাপনী বক্তব্যে বক্তারা টেকসই কৃষি প্রযুক্তির যথাযথ প্রয়োগ, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও মডেল কৃষি অঞ্চলে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

চলমান কৃষি

ইরির তত্ত্বাবধানে খাগড়াছড়িতে উচ্চ ফলনশীল ধানের বাম্পার ফলন

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার পাকিজাছড়ি গ্রামে এবং সদর উপজেলার ভূয়াছড়ির নতুন বাজার গ্রামে আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ইরি) তত্ত্বাবধানে কম সময়ে
চলমান কৃষি

সিলেটের বিশ্বনাথে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প’র আওতায় ৩ দিনব্যাপী (৮-১০ মে) কৃষি