দেশদেশান্তর

নবীনদের স্বপ্নযাত্রায় এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঢাকা | ১১ জুলাই ২০২৬

নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুভ সূচনাকে স্মরণীয় করে রাখতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’। শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি অর্জনের স্থান নয়; এটি একজন মানুষকে দক্ষ, সৃজনশীল, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন এবং নৈতিক মূল্যবোধের সমন্বয়েই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হবে।” তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, গবেষণামুখী শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম। তিনি বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে শিক্ষা, প্রযুক্তি ও গণমাধ্যমের সমন্বয় ঘটিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন বলেন, “এডাস্ট আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন একটি শিক্ষার পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বের সমন্বয়ে বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরি হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। তিনি বলেন, “শুধু একাডেমিক জ্ঞান নয়, গবেষণা, উদ্ভাবন, সমালোচনামূলক চিন্তা এবং বাস্তব দক্ষতার সমন্বয়ই শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। আজীবন শেখার মানসিকতা গড়ে তোলাই হবে ভবিষ্যৎ সাফল্যের ভিত্তি।”

আরও বক্তব্য দেন সৌদি-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরী। তিনি বলেন, “শিক্ষা ও শিল্পখাতের কার্যকর সংযোগই দক্ষ মানবসম্পদ তৈরির অন্যতম পূর্বশর্ত। আন্তর্জাতিক কর্মবাজারে প্রতিযোগিতা করতে শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা অর্জনের বিকল্প নেই।”

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু এবং সদস্য কামরুন নেহার নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফ আলী খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “এডাস্ট শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা গবেষণা, উদ্ভাবন এবং নেতৃত্বের মাধ্যমে দেশ ও বিশ্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখুক।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, পরিচালক (অর্থ) সৈয়দা সারাহ আনওয়ার, নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক ও সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই)-এর চিফ অপারেটিং অফিসার, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় সংগীত, নৃত্য ও বিভিন্ন সৃজনশীল পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। প্রাণবন্ত এই আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের শুভ সূচনা ঘটে।

বক্তারা আশা প্রকাশ করেন, এডাস্টে অর্জিত জ্ঞান, দক্ষতা, গবেষণার অভিজ্ঞতা এবং মানবিক মূল্যবোধ শিক্ষার্থীদেরকে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সফল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করবে।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

দেশদেশান্তর

অ্যাডাস্ট প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা ১১ সেপ্টেম্বর ২০২৩ রোজ:সোমবার
দেশদেশান্তর

সিলেটে বিশ্ব নদী দিবস উদযাপন

নদ-নদী রক্ষায় ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর