নিজস্ব প্রতিবেদক
উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান পদে লিখিত পরীক্ষায় প্রায় ৭ হাজার পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৪৩০ জন উত্তীর্ণ হওয়ায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোকে (এটিআই) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার দাবি জানিয়েছেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (ডিকেআইবি) সভাপতি জিয়াউল হায়দার পলাশ।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে এ দাবি জানিয়ে তিনি ডিপ্লোমা কৃষিবিদ ও কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের এ আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জিয়াউল হায়দার পলাশ তাঁর পোস্টে লিখেছেন, ‘সম্প্রতি উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রায় ৭ হাজার জন হতে মাত্র ৪৩০ জন কৃতকার্য হওয়ায় প্রমাণ করে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)গুলোকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন হতে দ্রুততম সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা জরুরি হয়ে পড়েছে।’
তিনি আরও লেখেন, ‘সকল ডিপ্লোমা কৃষিবিদ এবং কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের এই আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত ‘উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান’ পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৪৩০ জন প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের ৬ অক্টোবর।
এই ফল প্রকাশের পর কৃষি ডিপ্লোমা শিক্ষার মান, এটিআইগুলোর প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং ডিপ্লোমা কৃষিবিদদের পেশাগত ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা কম হওয়ার সঙ্গে এটিআইগুলোর প্রশাসনিক নিয়ন্ত্রণের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

