মুক্তমত

৪৩০ জনের ফলাফল কি কৃষি ডিপ্লোমার মানের প্রশ্নের উত্তর?

মাহমুদুল হাসান ফারুকী

সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। প্রায় ৭ হাজার পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৪৩০ জন উত্তীর্ণ হয়েছেন। ফল প্রকাশের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এত কমসংখ্যক প্রার্থী উত্তীর্ণ হওয়ার কারণ কী?

কেউ প্রশ্ন তুলছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মান নিয়ে, আবার কেউ প্রশ্ন তুলছেন এই প্রতিষ্ঠানগুলোতে যারা পড়ান, তাঁদের মান নিয়ে।

আমি প্রায় দুই বছর একটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষক হিসেবে কাজ করেছি। তাই সেই অভিজ্ঞতার আলোকে আমার দৃষ্টিভঙ্গিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি।

আমাকে শাস্তিমূলক পদায়ন করা হয়েছিল কি না, তা জানি না। তবে আমি স্বেচ্ছায় সেখানে গিয়েছিলাম। আমি যখন প্রতিষ্ঠানটিতে যোগদান করি, তখন সেটি ছিল সদ্য প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তৎকালীন সংসদ সদস্য নিজেই অনেক ছাত্রছাত্রীকে ভর্তি করিয়েছিলেন, কারণ এই ডিগ্রি সম্পর্কে তখন অনেকেই জানতেন না।

যাই হোক, এ কথা সত্য যে, এসব ইনস্টিটিউটে বিষয়ভিত্তিক কোনো শিক্ষক নেই। বিসিএস (কৃষি) কর্মকর্তারাই তাঁদের সাবজেক্ট ম্যাটারের পাশাপাশি অন্যান্য বিষয়েও, যেমন গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি, পাঠদান করেন।

এতে যে ছাত্রছাত্রীদের বিষয়ভিত্তিক শিক্ষার মান খুব একটা বৃদ্ধি পাচ্ছে, তা আমি মনে করি না। তবে কেউ যদি সত্যিকার অর্থেই ডিপ্লোমা কৃষির সার্বিক মান উন্নয়ন নিয়ে চিন্তা করেন, তাহলে বিষয়ভিত্তিক শিক্ষক না থাকা সমস্যাটির একটি দিক মাত্র, পুরো সমস্যার চিত্র নয়।

নতুন প্রতিষ্ঠান হওয়ায় তখনও সরকার পূর্ণাঙ্গ লোকবল নিয়োগ করেনি। আমি আসার আগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও দুজন কর্মচারী নিজেরাই রাতে নাইটগার্ডের দায়িত্ব পালন করতেন। আমি যখন যোগদান করি, তখন নতুন ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হচ্ছিল। আমি এবং আমার একজন সিনিয়র সহকর্মী তখন ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া ও পাঠদান নিয়ে কাজ করছিলাম।

আমি সারাজীবন জেনে এসেছি, কৃষি ফলিত উদ্ভিদবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। তাই কৃষি পড়তে হলে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান পড়া জরুরি। কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রেও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট যোগ্যতা রয়েছে।

কিন্তু মজার বিষয় হলো, কৃষি ডিপ্লোমা পড়তে হলে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা না করলেও চলে। এমনকি মাদ্রাসা থেকেও এই শিক্ষায় ভর্তি হওয়া যায়।

আমি মাদ্রাসা বা অন্য কোনো শিক্ষাব্যবস্থাকে কটাক্ষ করছি না। সমস্যাটা অন্য জায়গায়।

ভাগ্যক্রমে আমার কপালে জুটেছিল ‘গণিত’ নামের একটি বিষয়। আমার ছাত্রছাত্রীদের কথা জানি না, তবে আমি আমার জীবনে সত্যিকারের ম্যাথ শিখেছিলাম এই সময়। আমার নিজের ম্যাথসই যেখানে সম্ভ্রম বাঁচানোর আপ্রাণ চেষ্টায় লিপ্ত, সেখানে এই Gen Z-দের সামনে কী অপদস্থই না হতে হতো!

সেই চিন্তায় সারাদিন ইউটিউব আর Khan Academy নিয়ে পড়ে থাকতাম। এমনকি Khan Academy-এর পুরো Math Module নিজের মতো করে শেষ করেছিলাম, যাতে ছাত্রদের বিষয়গুলো বোঝাতে পারি।

সত্যি বলতে কী, আমার কাছে মনে হয়েছে, কৃষি ডিপ্লোমার গণিত বইটি চার মাসের মধ্যে আত্মস্থ করা অনেক মেধাবী ছাত্রছাত্রীর কাছেই কঠিন। একই কথা পদার্থবিজ্ঞান ও রসায়নের ক্ষেত্রেও প্রযোজ্য।

যে ছাত্রছাত্রীকে ত্রিকোণমিতির Sin, Cos আর Tan-এর সংজ্ঞা বোঝাতেই আমার প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা, তাদের আমি কীভাবে ক্যালকুলাস পড়িয়েছি এবং তারাও কীভাবে ডিফারেনশিয়েশন, ইন্টিগ্রেশন, প্রোবাবিলিটি, ম্যাট্রিক্সের মতো বিষয়গুলোতে উতরে গিয়েছে, সেই রহস্য শুধু আমার আর আমার ছাত্রছাত্রীদের মাঝেই সীমাবদ্ধ।

তবে এটা তাদের দোষ নয়।

এই ছেলে-মেয়েগুলো আমাদের দেশের সুবিধাবঞ্চিত জায়গা থেকে অনেক কষ্ট করে এসেছে। তারা যে বিষয়টি জানেই না, সেটি আগে তাকে শেখাতে হবে। তারপরই তো সেই বিষয়ে গভীরে প্রবেশ করা সম্ভব।

তার ওপর, এসব প্রতিষ্ঠানে জিপিএ ৩-এর ওপর পেলেই আবেদন করা যায়। ফলে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের একটি বড় অংশ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পায়।

তাহলে সমাধান কী?

আমার মনে হয়, বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ অবশ্যই একটি ভালো উদ্যোগ, যা কৃষি ডিপ্লোমার শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তবে শুধু শিক্ষক নিয়োগ করলেই হবে না। এই ডিপ্লোমায় ভর্তির যোগ্যতার শর্তেও পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে কৃষি ডিপ্লোমার কারিকুলামকেও যুগোপযোগী করা প্রয়োজন।

আরেকটি বিষয়ও আমাদের মনে রাখা দরকার। একটি পরীক্ষার ফল দিয়ে হাজার হাজার শিক্ষার্থীর সামগ্রিক সক্ষমতার চূড়ান্ত মূল্যায়ন করা যায় না।

আমার আগের সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখন অনেক ছাত্র ইউরোপে কৃষিবিষয়ক ইন্টার্ন করতে গিয়েছে এবং এখনও তারা সফলভাবে কাজ করে যাচ্ছে। তাই আমি এখনও বিশ্বাস করি, এই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো থেকেও আমরা আরও দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারব, যারা আমাদের দেশ ও বিশ্বকে সমৃদ্ধ করতে পারে।

বিষয়টি নিয়ে আলোচনার সময় তাই শুধু শিক্ষার্থীদের দিকে আঙুল না তুলে পুরো ব্যবস্থাটাকে দেখা দরকার। শিক্ষার্থী কেমন, শিক্ষক কেমন, ভর্তি প্রক্রিয়া কেমন, কারিকুলাম কেমন, শিক্ষা দেওয়ার পরিবেশ কেমন এবং প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কাঠামো কেমন, সবকিছু মিলিয়েই একটি শিক্ষাব্যবস্থার মান নির্ধারিত হয়।

বিঃদ্রঃ আরেকটা মজার বিষয় তো উল্লেখই করলাম না। দেশে এখন সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হয়তো ১৮ বা ১৯টি আছে, ভিন্ন ভিন্ন জেলায়। কিন্তু আমাদের দেশে কতগুলো বেসরকারি এটিআই আছে, সেটা কি জানেন? আমি নিজেও জানি না। শুনেছিলাম, ২০০-এর ওপরে।

এখান থেকেও প্রতিবছর হাজার হাজার ছাত্রছাত্রী বের হচ্ছে এবং তারাও এসব নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছে। কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়ে জনমনে তেমন প্রশ্ন নেই।

তাই ৪৩০ জন উত্তীর্ণ হওয়ার ঘটনাকে শুধু ‘শিক্ষার্থীদের মান খারাপ’ বলে দেখার আগে আমাদের আরও কিছু প্রশ্ন করা উচিত। সমস্যাটা কি শুধু শিক্ষার্থীর, নাকি পুরো ব্যবস্থার?

লেখক: মাহমুদুল হাসান ফারুক, প্রাক্তণ প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)।

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

মুক্তমত

কৃষিতে নারীর অবদানের প্রকৃত স্বীকৃতি নেই

|| এ. কে. আজাদ ফাহিম || আবহমান কাল থেকে আমাদের এই দেশ কৃষি প্রধান দেশ হিসেবে পরিচিত। কৃষি একটি মহান
মুক্তমত

কৃষি ডিপ্লোমাধারীরা কেন উচ্চশিক্ষা বঞ্চিত হবেন?

বাংলাদেশে ১৮টি সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। আর বেসরকারি পর্যায়ে রয়েছে ১৬২টি। সরকারি-বেসরকারি মিলিয়ে ছয় হাজারের বেশি পাস করে বের