নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৫ অক্টোবর ২০২৫
বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার বিশ্ববিদ্যালয়ের শুভ্র চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একত্রিত হয়ে কেক কেটে ও ফুল দিয়ে শিক্ষকদের সম্মান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) চেয়ারম্যান সামসুল আলম লিটন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি সামসুল আলম লিটন তার বক্তব্যে বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁরা সমাজে জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার আলো ছড়িয়ে দেন। আজকের এই দিনটি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য সুযোগ।”
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার মূল চালিকাশক্তি আমাদের শিক্ষকবৃন্দ। তাঁদের নিষ্ঠা, শ্রম ও আন্তরিক প্রচেষ্টা ছাড়া মানসম্মত শিক্ষা বাস্তবায়ন সম্ভব নয়।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজনেস ফ্যাকালটির ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফ আলী খান ও ফার্মাসি বিভাগের চেয়ারম্যান আসমা কবির। তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষক সমাজকে সম্মানিত করে এবং শিক্ষার মানোন্নয়নে অনুপ্রেরণা জোগায়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব কামরুজ্জামান লিটু, চিফ একাডেমিক অ্যাডভাইজর অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম, রেজিস্ট্রার আব্দুল কাইউম সরদার, আইকিউএসির পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
আনন্দঘন পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা একসাথে কেক কেটে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন করেন।

