কৃষি পেশাজীবিদের সবচেয়ে বড় সংগঠন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (ডিকেআইবি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
উৎসবমুখর পরিবেশে শনিবার (০২ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কোনো বিরতি ছাড়াই বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ডিপ্লোমা কৃষিবিদ মো. খায়রুল হাসান প্রধান এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। তাকে সহযোগীতা করছেন আরও কয়েকজন জ্যেষ্ঠ ডিপ্লোমা কৃষিবিদ। প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, যার নেতৃত্বে ভোটগ্রহণ কর্মকর্তারা প্রতিটি জেলায় নিচ্ছেন ডিপ্লোমা কৃষিবিদদের ভোট। সারাদেশে ডিকেআইবি’র তিনটি স্তরে (কেন্দ্র, অঞ্চল ও জেলা পর্যায়ে) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি জেলায় নির্দিষ্ট কেন্দ্রে চলছে এ ভোটগ্রহণ কার্যক্রম।
কেন্দ্রে মোট ৪ টি পদে এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাকী পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
এবারের ডিকেআইবি নির্বাচনে সভাপতির পদে দুইজন প্রার্থী হয়েছেন। তারা হলেন, মো. জিয়াউল হায়দার পলাশ ও দীপক চন্দ্র রায়।

এছাড়া সহসাংগঠনিক সম্পাদক (যশোর অঞ্চল) পদে মো. কুরবান আলী ও মো. বকুল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা অঞ্চল) পদে মোহাম্মদ রেজাউল হক রবিন ও শাহজাহান কবির, সহসাংগঠনিক সম্পাদক (সংস্থা) পদে মো. মাহবুবুর রহমান ও মো. সাঈদ হোসেন খোকন।

বিভিন্ন অঞ্চল ও জেলা পর্যায়ে সংশ্লিষ্ট প্রার্থীরা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডিকেআইবি নির্বাচন ২০২৪ এর প্রধান নির্বাচন কর্মকর্তা মো. খায়রুল হাসান প্রধান জানান, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সবরকম ব্যবস্থা গ্রহণ করেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে। সারাদেশে ডিকেআইবি’র নির্বাচন নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে চলছে। এনির্বাচন একটি সকল পেশাজীবীদের জন্য মডেল ও দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমার বিশ্বাস।

