সিলেট, ১৯ ডিসেম্বর ২০২৪:
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের আয়োজনে এবং ইউএসএআইডি ফিড দ্য ফিউচার বাংলাদেশ লিংক এগ্রিকালচার পলিসি অ্যাক্টিভিটি প্রোগ্রামের সহায়তায় দিনব্যাপী বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় হর্টিকালচার নীতিমালা পর্যালোচনার মাধ্যমে সংশ্লিষ্ট নীতিমালার পরিবর্তন, পরিবর্ধন, ও পরিমার্জনের বিষয়ে ঐক্যমত অর্জন এই কর্মশালার মূল উদ্দেশ্য।
সিলেটের হোটেল রোজভিউ-তে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ডিএই, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কে জে এম আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ. এফ. এম. সাইফুল ইসলাম, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, ফিড দ্য ফিউচার পলিসি লিংকের গর্ভমেন্ট লিয়াজোঁ অ্যাডভাইজার ড. পিয়ার মোহাম্মদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আজিজুর রহমান, পলিসি লিংকের সিনিয়র ম্যানেজার খালেদা আক্তার, ও ম্যানেজার মামুনুল ইসলাম।
কর্মশালাটি সঞ্চালনা করেন গোলাপগঞ্জ উপজেলার কৃষি অফিসার মাশরেফুল আলম।
জাতীয় হর্টিকালচার নীতি সমৃদ্ধিকরণের উপর কী-নোট উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. আজিজুর রহমান। পরবর্তী সেশনগুলোতে উপস্থিত অংশগ্রহণকারীদের চারটি গ্রুপে বিভক্ত করে দলগত আলোচনার ভিত্তিতে প্রাপ্ত তথ্য ও সুপারিশ উপস্থাপন করা হয়।
কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট অঞ্চলের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিটাক, ভোক্তা অধিকার অধিদপ্তর, বিএসটিআই, কৃষি পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাত ও বিপণন প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মশালাটি হর্টিকালচার নীতিমালার উন্নয়ন ও সুনির্দিষ্ট কার্যক্রম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

