ঢাকা, ২৩ জুন ২০২৬:
পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম বলেছেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক কর্মবাজারে টিকে থাকতে হলে শিক্ষাকে অবশ্যই শিল্প-উপযোগী ও কর্মমুখী হতে হবে। দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) ঢাকায় অনুষ্ঠিত “Institutional Capacity Building, Leadership and Organizational Transformation” শীর্ষক সপ্তাহব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা পিইউএম (PUM)-এর সহযোগিতায় ১৭ থেকে ২৩ জুন ২০২৬ পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আরিফুল বারী মজুমদার এবং প্রভোস্ট আহমেদ সুমন সোবাহান।
স্বাগত বক্তব্য প্রদান করেন এডাস্ট স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই)-এর চিফ অপারেটিং অফিসার শোয়েব সাজ্জাদ খান। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পক্ষে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) সৈয়দা সারাহ আনওয়ার এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাফাতুল হক রিশাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসডিআই-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর তানঝিম আরা ইঝুম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক ও সাবেক রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কামরুন নেহার এবং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান দায়িত্ব শুধু ডিগ্রি প্রদান নয়; বরং শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী দক্ষতা, নেতৃত্বগুণ, উদ্ভাবনী সক্ষমতা এবং পেশাগত যোগ্যতা অর্জনে সহায়তা করা। আধুনিক বিশ্বে শিল্পখাতের প্রয়োজন অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই।
তারা আরও উল্লেখ করেন, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পিইউএম-এর সহযোগিতায় আয়োজিত এই আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে।
প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন পিইউএম-এর সিনিয়র এক্সপার্ট ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ মিস মারিনা ভার্সলুইস। এতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই), ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ এবং পিইউএম-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব বিকাশ, সুশাসন নিশ্চিতকরণ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক স্থায়িত্ব অর্জনের সক্ষমতা উন্নয়ন।
সপ্তাহব্যাপী প্রশিক্ষণে আধুনিক নেতৃত্ব, সাংগঠনিক রূপান্তর, মানবসম্পদ ব্যবস্থাপনা, আর্থিক স্থায়িত্ব, গুণগত মান নিশ্চিতকরণ, স্টেকহোল্ডার সম্পৃক্ততা এবং আউটকাম-বেইজড এডুকেশন (OBE) বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে এবং দক্ষ, জবাবদিহিমূলক ও টেকসই প্রতিষ্ঠান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

